গোপনে বিয়ে করেছেন রানী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসমক্ষে ঘোষণা না দিলেও, বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি এবং নির্মাতা আদিত্য চোপড়ার প্রেমের বিষয়টি বলিউড পাড়ার প্রায় সবারই জানা। এমনকি বেশ কয়েকবার এই জুটির বিয়ের গুজবও ছড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও খবর রটেছে, গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন রানী ও আদিত্য। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, মাস খানেক আগে গোপনে বিয়ে করেছেন রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। সূত্রটি আরও জানিয়েছে, এ বছর কাছাকাছি সময়ে মুক্তি পাচ্ছে রানী অভিনীত দুটি ছবি। ২৪ অক্টোবর ‘আইয়া’ এবং ২০ নভেম্বর ‘তালাশ’ মুক্তি পাবে। বিয়ের খবর ফাঁস হয়ে গেলে ছবিগুলোর ব্যবসায় খারাপ প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় নিজেদের বিয়ের খবর গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন রানী এবং আদিত্য। উল্লেখ্য, বলিউডের প্রখ্যাত চিত্রনির্মাতা যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া বিয়ে করেছিলেন শৈশবের প্রেমিকা পায়েলকে। কিন্তু পরে এ দম্পতি বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। ধারণা করা হয়, রানীর সঙ্গে আদিত্যর প্রেমের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন পায়েল।