গোবিন্দর জুটি হলেন বাংলাদেশের শিমলা
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী শিমলা এবার জুটি বেঁধে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের সঙ্গে।‘সমাধি’ নামের এই ছবিটি পরিচালনা করছেন দীপক সান্যাল। ছবির শুটিংয়ের জন্য গত সপ্তাহে কলকাতায় গেছেন শিমলা। বর্তমানে কলকাতার দুর্গাপুর এলাকায় ছবিটির শুটিং করছেন তিনি।কলকাতা থেকে মুঠোফোনে শিমলা প্রথম আলো ডটকমকে বলেন, ‘সুরদরিয়া এপার-ওপার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আমার পরিচয় হয়েছিল ভারতের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ির সঙ্গে। বাপ্পী লাহিড়ি “সমাধি” ছবির সংগীত পরিচালনার কাজটি করছেন। তাঁর মাধ্যমেই আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয় “সমাধি” ছবির প্রযোজক পিন্টু মণ্ডলের সঙ্গে। তিনিই আমাকে “সমাধি” ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। এভাবেই কলকাতার ছবিতে অভিনয়ের প্রস্তাবটা আসে।’কলকাতার দুর্গাপুর এলাকায় এরই মধ্যে কয়েকদিন নাচের পাশাপাশি কয়েকটি দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন শিমলা। সমাধি ছবিতে শিমলা অভিনয় করছেন গোবিন্দর স্ত্রী’র চরিত্রে। গোবিন্দর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শিমলা বলেন, ‘সেই অনেক আগে থেকেই বলিউডের অভিনেতাদের অভিনয় দেখে আসছি। কিন্তু গোবিন্দর মতো একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে পারব ভাবিনি। এত সুন্দরভাবে যে সুযোগটি আসবে তা কল্পনার বাইরে ছিল। এ অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। সত্যিই এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ছবিটিতে আমার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করছি।’শিমলা আরও বলেন, ‘এতদিন শুধু কলকাতা কিংবা বলিউডের পেশাদারি মনোভাবের কথা শুনে আসছিলাম। এবার তাঁদের পেশাদারি মনোভাব আমাকে মুগ্ধ করেছে। আমাদের মধ্যে অনেক আবেগ কাজ করে। তাঁরা কিন্তু কাজের ব্যাপারে আবেগকে প্রশ্রয় দেন না।’শিমলা ছাড়া ‘সমাধি’ ছবিতে বলিউডের গ্রেসি সিং আর সেয়ালি ভগত এবং বাংলাদেশের ফেরদৌস অভিনয় করছেন।