গোবিন্দের স্ত্রী সিমলা!
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী সিমলা এবার অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের সঙ্গে। ছবির নাম সমাধি। পরিচালনা করছেন দীপক সান্যাল। ছবিতে সিমলা অভিনয় করছেন গোবিন্দের স্ত্রীর চরিত্রে। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও আসানসোলে সম্প্রতি গোবিন্দের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন সিমলা। গতকাল রোববার মুঠোফোনে কলকাতা থেকে সিমলা জানান, এ মাসে আরও কিছু কাজ হবে। তার পরই তিনি দেশে ফিরবেন।গোবিন্দের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়ার অনুভূতির কথা জানাতে গিয়ে সিমলা বলেন, ‘বলিউডের অভিনেতাদের অভিনয় দেখছি সেই ছোটবেলা থেকে; কিন্তু গোবিন্দের মতো একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে পারব ভাবিনি। আর আমার কাছে এই ছবিতে কাজ করার প্রস্তাবটি এসেছে একেবারে হঠাৎ করেই। এ অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’সিমলা আরও বলেন, ‘এত দিন শুধু কলকাতা আর মুম্বাইয়ের শিল্পীদের পেশাদারি মনোভাবের কথা শুনেছি। এবার তাঁদের সঙ্গে কাজ করতে এসে মুগ্ধ হয়েছি। আমাদের মধ্যে অনেক আবেগ কাজ করে। তাঁরা কিন্তু কাজের জায়গায় আবেগকে প্রশ্রয় দেন না।’সমাধি ছবিতে আরও অভিনয় করছেন ফেরদৌস, গ্রেসি সিং, সেয়ালি ভগত প্রমুখ।