পাশের সাদাকালো ছবিটি নাগরিক নাট্যাঙ্গনের গোলমাথা চোখামাথা নাটকের। ব্রেটল ব্রেশটের এ নাটকের নির্দেশনা দিয়েছেন ইসরাফিল শাহিন। ছবিতে নাটকটির একটি দৃশ্যে হূদি হকের সঙ্গে দেখা যাচ্ছে ইমরান হুমায়ুন খান ও সাজ্জাদ রেজাকে। হূদি হক জানান, নাটকটি মূলত পৃথিবীজুড়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত—সব শ্রেণীর নির্যাতিত মানুষের গল্প। একই সঙ্গে নির্যাতককেও দেখানো হয়েছে। নাটকটিতে হূদি হকের চরিত্রের নাম নান্না। একজন প্রতিবাদী মেয়ে, ইমরান হুমায়ুন খান প্রতীকীভাবে জার্মানের স্বৈরশাসক হিটলার আর সাজ্জাদ রেজা একজন সুবিধাভোগী চরিত্রে অভিনয় করেছেন। পৃথিবীর খুব কম মঞ্চে নাটকটির প্রদর্শনী হয়েছে। ছবিটির মুহূর্তের কথা বলতে গিয়ে হূদি হক বলেন, ‘এটি একটা অসাধারণ নাটক। এখানে আমি গ্রাম থেকে শহরে এসেছি। সুবিধাবাদীদের সঙ্গে জীবিকার কারণে মিশেছি। তবে আমার চারপাশে যেসব সুবিধাভোগী নেতৃত্ব দিচ্ছে, তাদের বিরুদ্ধেই একটা সময় আমি প্রতিবাদী হয়ে উঠি। নাটকটির ছবিতে তেমনি একটা মুহূর্ত দেখা যাচ্ছে। ’ নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা নাটকটি নিয়ে প্রায় ছয় মাস মহড়া করেছি। সেগুনবাগিচায় মহিলা পরিষদের বেগম সুফিয়া কামাল ভবনের নিচতলায় আমরা মহড়া করতাম।’ তখনকার সময়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সেই সময় আমাদের মহড়াকক্ষের অভাব ছিল। মহিলা পরিষদের ভবনটির নিচতলা খালি পড়ে ছিল। আমরা কিছু ভাড়ার বিনিময়ে নিচতলায় মহড়া করার জন্য মহিলা পরিষদের আপাদের সঙ্গে আলোচনা করি। তাঁরা রাজি হন। এভাবেই তখনকার সময়ে নাটকটির কাজ শেষ করি। সেই সময় মহিলা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন লাকী ইনাম।’ তবে সেই সময় ওখানে নাটকটির মহড়া করতে গিয়ে বাজে অভিজ্ঞতাও হয়েছে। হূদি বলেন, ‘আমাদের ভবনটির পাশে ছিল আবাসিক অনেকগুলো ভবন। একদিন একটা ভবনের ফ্লোর থেকে মহিলা পরিষদের আপাদের কাছে মহড়া না করার জন্য একজন মহিলা অভিযোগ করেন। মহড়ার চেঁচামেচি, ঢোলের বাজনায় নাকি তাঁর সন্তানের পড়ালেখার সমস্যা হয়। আপারা আমাদের বিষয়টি জানালে আমরা কয়েকটি দিন সময় নিয়ে ওখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছিলাম, ওই মহিলা ছিলেন একজন সাংবাদিকের স্ত্রী।’হূদি বলেন, ‘প্রথমে দলের বাইরের একজন অতিথি নির্দেশক দিয়ে নাটকটি আমরা মঞ্চে এনেছিলাম। এবং আমাদের উদ্দেশ্য ছিল নতুন অভিজ্ঞতা আর দলের নাটকে ভিন্নমাত্রা যোগ করা। ইসরাফিল শাহিনের এই কাজটি খুবই ভালো হয়েছিল।’নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০২ সালের ৬ সেপ্টেম্বর। উদ্বোধন হয় মহিলা সমিতি মঞ্চে। এ পর্যন্ত নাটকটির ২৫টির বেশি প্রদর্শনী হয়েছে। ২০০৭ সালের পর থেকে নাটকটির আর নিয়মিত মঞ্চায়ন হয়নি। ঢাকার বাইরেসহ ভারতের কলকাতা ও ত্রিপুরাতে নাটকটির প্রদর্শনী হয়েছে।