গোলরক্ষক মাজনুন মিজান
আমি একসময় পেশাদারি ফুটবল খেলতাম। ইচ্ছাও ছিল ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হয়ে গেলাম অভিনেতা। অনেক দিন পর আবার সুযোগ পেলাম ফুটবল খেলার। সেটা মাঠে ঠিকই, কিন্তু নাটকের প্রয়োজনে। অনেকটা আক্ষেপের সুরেই কথাগুলো বলছিলেন মাজনুন মিজান। বাস্তব জীবনে ফুটবলার হতে না পারার আক্ষেপ কিছুটা থাকলেও এবার শহরের সবুজ নক্ষত্র নাটকের শুটিং করতে গিয়ে তা কিছুটা হলেও লাঘব হয়েছে মাজনুন মিজানের। সম্প্রতি মানিকগঞ্জের যে স্টেডিয়ামে মাজনুন মিজান একসময় খেলাধুলা করতেন সেখানেই শহরের সবুজ নক্ষত্র নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকটিতে তিনি একজন গোলরক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। মিজানের খুশির আরেকটি কারণ নিজের এলাকার মাঠে আবার খেলতে পারার সুযোগ পাওয়া।এ সম্পর্কে মাজনুন মিজান বলেন, ‘আমি আসলে কখনো চিন্তাই করিনি যে, যে মাঠে আমি একদিন ফুটবল খেলেছিলাম সেই মাঠেই একদিন আমাকে নাটকের শুটিং করতে যেতে হবে। এটা আসলে কেমন ভালো লাগা তা আমি বলে বোঝাতে পারব না। আমি পরিচালককে ধন্যবাদ দিতে চাই আমাকে এ রকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।’মাসুম রেজার চিত্রনাট্য অবলম্বনে তৈরি নাটকটির পরিচালক গোলাম সোহরাব দোদুল।