গোলাপি শহরে 'বৃহন্নলা'

মুরাদ পারভেজ পরিচালিত চলচ্চিত্র বৃহন্নলা যাচ্ছে ভারতের গোলাপি শহর হিসেবে পরিচিত জয়পুরে। সেখানে জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ছবিটি। বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে এটি লড়বে প্রতিযোগিতা বিভাগে।
গেল সপ্তাহে উৎসব কমিটি ঘোষণা করে প্রতিযোগিতায় মনোনীতদের চূড়ান্ত তালিকা। সেখানে স্থান পেয়েছে শতাধিক দেশের ১৫৮টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য মাত্র ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যার মধ্যে একটি বৃহন্নলা। মনোনয়ন পাওয়ার পর কথা হয় ছবির পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। বৃহন্নলা এ নিয়ে তিনটি আন্তর্জাতিক উৎসবের আমন্ত্রণ পেল। শিগগির ছবিটি যাচ্ছে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে এটি প্রদর্শিত হবে অ্যাক্রোস দ্য বর্ডার বিভাগে।’
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি উৎসবের সপ্তম আসর। ৩০ ডিসেম্বর ঘোষণা করা হবে চলচ্চিত্র প্রদর্শনীর দিনক্ষণ। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে অংশ নেবে ভারত, যুক্তরাজ্য, স্পেন, বেলজিয়াম, সুইডেন, অস্ট্রেলিয়া, ডেনমার্কসহ আরও বিভিন্ন দেশের ছবি।