গোলাপীর চরিত্রে তাথৈ
লালনের জীবনদর্শন নিয়ে নির্মিতব্য গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে লালনের স্ত্রী গোলাপীর চরিত্রে অভিনয় করছেন আবৃত্তিকার ও অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে তাথৈ। ইতিমধ্যে ছবির প্রথম এবং দ্বিতীয় অংশের কাজ সম্পন্ন করেছেন তিনি। নৃত্যশিল্পী তাথৈর এ ছবিতে সম্পৃক্ত হওয়াটা ছিল আকস্মিক। মা শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ইবসেন নাট্যোত্সবে আমরা লেডি ফ্রম দ্য সি নৃত্যনাট্যটির প্রদর্শনী করি। মনের মানুষ ছবির প্রযোজক হাবিব খান নৃত্যনাট্যটি মঞ্চে দেখেন এবং নৃত্যনাট্যে তাথৈর কাজ পছন্দ করেন। ওই সময় গৌতম ঘোষ শুটিং লোকেশন দেখতে ঢাকায় এসেছিলেন। তিনি তখন গোলাপীর চরিত্রের জন্য মানানসই একটি মেয়ে খুঁজছিলেন। হাবিব খান গৌতম ঘোষকে তাঁর কথা বললেন। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করেন।’ তিনি আরও বলেন, ‘আমরা তাথৈকে কাজ করতে দিলাম দুটি কারণে। প্রথমত, ছবিটি নির্মাণ করছেন গৌতম ঘোষ। তিনি একজন বড় মাপের নির্মাতা। দ্বিতীয়ত, চলচ্চিত্রের প্রেক্ষাপট লালনের জীবনদর্শন নিয়ে।’এ ছবির কাজ শুরু হয় প্রসেনজিত্ ও তাথৈর একটি দৃশ্যধারণের মধ্য দিয়ে। স্বভাবতই কিছুটা ভয় ছিল তাথৈর মধ্যে।তাথৈ বলেন, ‘ক্যামেরার সামনে কখনো অভিনয় করিনি। তাই কিছুটা ভয় লাগছিল। কিন্তু গৌতম ঘোষ ও প্রসেনজিত্ এমনভাবে আমাকে দৃশ্য বুঝিয়ে দিলেন এবং সাহস জোগালেন যে অল্প সময়ের মধ্যে দৃশ্যটির ধারণ সম্পন্ন হলো।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তাথৈ বলেন, ‘আবৃত্তির পাশাপাশি বাবা অভিনয় করতেন বলে হয়তো আমার ভেতরেও সেটার প্রভাব পড়েছে, তাই কাজটা করতে পেরেছি। কিন্তু অভিনয়ের চেয়ে নাচকেই আমি প্রাধান্য দেব।’ জানা গেছে, ছবির প্রথম অংশের কাজ কলকাতার বোলপুরে এবং দ্বিতীয় অংশের কাজ হয় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। আগামী মাসে আবার ছবির বাকি কাজ হবে বোলপুরে।