গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডে ফারুকীর পিঁপড়াবিদ্যা

সাংহাই ফিল্ম ফেস্টিভালের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা । সাধারণত ১৫ থেকে ১৭টি ছবি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। এ বছর এক হাজার ৯৯টি ছবি থেকে ১১টিকে প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পিঁপড়াবিদ্যা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, থাইল্যান্ড, গ্রিস, জাপান, ইরান, চীন ও অস্ট্রিয়ার ছবি।
গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডে জুরি বোর্ডের প্রধান নির্বাচিত হয়েছেন চীনের সুপারস্টার গং লি। লি এর আগে কান, বার্লিন ও ভেনিসে জুরির দায়িত্ব পালন করেছেন। গং লি অভিনীত বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে মিয়ামি ভাইস, রেইজ দ্য রেড ল্যানটার্ন, ২০৪৬, মেমোয়ারস অব এ গেইশা।
জুরি বোর্ডে গং লি ছাড়াও জুরি হিসেবে আছেন অস্কারজয়ী সেপারেশনখ্যাত পেইমান মাদি, ব্রিটিশ পরিচালক স্যালি পটার, দক্ষিণ কোরিয়ার পরিচালক ইম সাং সু, ডেনমার্কের পরিচালক লোন সেলফিগ, জাপানি পরিচালক ইয়াই শেন জি ও চীনা পরিচালক ডিরেক্টর লিও জিয়ে।
রেড কার্পেটের মধ্য দিয়ে সাংহাই ফেস্টিভাল শুরু হবে আগামী ১৪ জুন এবং অ্যাওয়ার্ড নাইট হবে ২২ জুন। ফেস্টিভালে অংশ নেওয়ার জন্য ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী ও সিনা চৌহান ১৪ জুন সাংহাই যাচ্ছেন।