গোল্ডেন গ্লোবসে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবির জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারার মেলা বসেছিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে। গত রোববার রাতের আলো ঝলমলে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হলিউডের নামীদামি তারকারা। তাঁদের সবাই গোল্ডেন গ্লোবসের লাল গালিচা মাড়িয়েছেন ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত মূর্তিটি হাতে উঠেছে মাত্র কয়েকজনের।এবারের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবির জয়জয়কার। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নিয়ে নির্মিত ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকসহ (ডেভিড ফিঞ্চার) মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে। এর মাধ্যমে দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিটি অস্কার মনোনয়ন ও পুরস্কারে একধাপ এগিয়ে গেল বলে সিনেমা-বোদ্ধারা মনে করছেন।দ্য কিংস স্পিচ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ কলিন ফার্থ সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন। তবে সেরা অভিনেত্রী হিসেবে নাটালি পোর্টম্যানের নাম শুনে অনেকে বিস্মিত হয়েছেন। ব্ল্যাক সোয়ান ছবিতে ব্যালে-নর্তকীর ভূমিকায় অভিনয় করে পুরস্কারটি বাগিয়েছেন এই অভিনেত্রী। পুরস্কার গ্রহণকালে অন্তঃসত্ত্বা নাটালি মঞ্চে উঠে তাঁর মা-বাবার কথা স্মরণ করেন। তাঁকে এই পৃথিবীতে আনার জন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গোল্ডেন গ্লোবসের মিউজিক বা কমেডি বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারটি উঠেছে অ্যানেট বেনিং ও পল জিয়াম্যাত্তির হাতে। এদিকে টিভি সিরিজ গ্লির জন্য রোববার রাতটা ছিল চমৎকার ও স্মরণীয়। জনপ্রিয় এই টিভি সিরিজটি তিন-তিনটি পুরস্কার জিতেছে।গোল্ডেন গ্লোবসকে বলা হয় অস্কারের পূর্বাভাস। কারণ, গোল্ডেন গ্লোবস পাওয়া ছবি ও অভিনেতা-অভিনেত্রীরা সাধারণত অস্কার পান। আগামী ২৭ ফেব্রুয়ারি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার দেওয়া হবে। ওয়েবসাইট।