গোল্ডেন গ্লোবে তিনটি পুরস্কার জিতেছে 'আমেরিকান হ্যাসল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যামি অ্যাডামস, কেট ব্ল্যানচেট ও ম্যাথু ম্যাককনেগি
লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যামি অ্যাডামস, কেট ব্ল্যানচেট ও ম্যাথু ম্যাককনেগি

এবার গোল্ডেন গ্লোব আসরে তিনটি বিভাগে পুরস্কার জিতেছে আমেরিকান হ্যাসল। বিভাগগুলো হলো মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা ছবি, সেরা অভিনেত্রী (অ্যামি অ্যাডামস) ও সেরা পার্শ্ব অভিনেত্রী (জেনিফার লরেন্স)।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলটন হোটেলে অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোবের ৭১তম আসর। আয়োজন করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ২০১৩ সালে নির্মিত চলচ্চিত্র আর টিভিতে প্রচারিত টিভি সিরিজগুলো থেকে দেওয়া হয় সম্মানজনক এই পুরস্কার।   

এবার ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে টুয়েলভ ইয়ারস আ স্লেভ। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথু ম্যাককনেগি (ডালাস বায়ারস ক্লাব) আর অভিনেত্রী কেট ব্ল্যানচেট (ব্লু জেসমিন)। মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)।

গ্র্যাভিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলফনসো কাওয়ারন। সেরা অ্যানিমেশন ছবি ফ্রোজেন। সেরা টিভি সিরিজের পুরস্কার জিতেছে ব্রেকিং ব্যাড। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন উডি অ্যালেন। বিবিসি, এপি।