গোল্ডেন গ্লোবে সেরা গায়িকা অ্যাডেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডেলের ঘরে যেন আনন্দের বন্যা বইছে। ২০১২ সালের শেষের দিকে মা হওয়ার মাত্র মাস তিনেক পরই জিতে নিলেন এবারের গোল্ডেন গ্লোব আসরের সেরা গায়িকার পুরস্কার।জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল -এর সূচনা সংগীতে কণ্ঠ দিয়ে ৭০তম গোল্ডেন গ্লোবের সেরা গায়িকার পুরস্কার জিতে নিয়েছেন এই ব্রিটিশ গায়িকা। গোল্ডেন গ্লোবের সেরা গায়িকার পুরস্কারটি তাঁর একমাত্র সন্তানকে উত্সর্গ করতে ভোলেননি অ্যাডেলে। ২০১১-২০১২ সালে টানা দুই বছর ‘টোয়েন্টিওয়ান’ অ্যালবামটির কল্যাণে অ্যালবাম বিক্রির তালিকায় শীর্ষে ছিলেন অ্যাডেলে। ২০১১ সালে তাঁর এই অ্যালবামটি শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে ৫৮ লাখ ২০ হাজার, আর ২০১২ সালে ৪৪ লাখ ১০ হাজারটি। এ অ্যালবাম দিয়ে টেইলর সুইফটকেও ছাড়িয়ে গেছেন অ্যাডেলে। এ বছর সর্বাধিক বিক্রীত অ্যালবামের তালিকায় অ্যাডেলের পরই ‘রেড’ অ্যালবাম নিয়ে আছেন সুইফট, তাঁর এই অ্যালবামটি বিক্রি হয়েছে ৩১ লাখ ১০ হাজারটি। স্কাইফল ছবির জন্য এবারের গোল্ডেন গ্লোবে সেরা গায়িকার পুরস্কার ছাড়াও অ্যাডেলে ২০১২ সালে ছয়টি গ্র্যামিও পেয়েছিলেন। ‘টোয়েন্টিওয়ান’খ্যাত এ শিল্পী গত বছরের শেষের দিকটা বিশ্ব মাতিয়েছেন জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ ছবির সূচনা সংগীত দিয়ে। প্রসঙ্গত, ২৪ বছর বয়সী অ্যাডেলের প্রথম সন্তান হলেও তাঁর স্বামী সিমন দ্বিতীয়বারের মতো বাবা হলেন। প্রথম স্ত্রী ক্ল্যারি ফিশারের সঙ্গে আট বছরের একটি মেয়ে আছে তার।