গোসসা কমেছে প্যাটিনসনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের তীব্র ইচ্ছার কাছে শেষ পর্যন্ত হার মানলেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। সম্প্রতি ফোনে প্রায় এক ঘণ্টা আবেগঘন আলাপচারিতার পর তিনি ক্রিস্টেনের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন।প্যাটিনসনের কাছের বন্ধুরা দাবি করেছেন, ক্রিস্টেনের সঙ্গে তিন বছরের প্রেম সামনে এগিয়ে নেওয়ারও প্রস্তুতি নিচ্ছেন প্যাটিনসন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, গত মাসে বিবাহিত রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হলে ভীষণ ভেঙে পড়েন প্যাটিনসন। এর পর থেকে এখন পর্যন্ত তিনি ক্রিস্টেনের ছায়া মাড়াননি। তবে ফোনে তাঁদের কথাবার্তা হয়েছে। সম্প্রতি তাঁরা ফোনে প্রায় এক ঘণ্টা আলাপ করেন। তখন সামনাসামনি কথা বলতে বারবার অনুনয়-বিনয় করেন ক্রিস্টেন। একপর্যায়ে তাঁর সঙ্গে দেখা করতে সম্মতি দেন প্যাটিনসন।সূত্রটি আরও জানায়, ক্রিস্টেন ক্ষমার অযোগ্য অপরাধ করলেও তাঁর প্রতি তীব্র অনুভূতিগুলো কবর দিতে পারছেন না প্যাটিনসন। কারণ, তিনি ক্রিস্টেনকে পাগলের মতো ভালোবাসতেন। এখন তিনি মনে করছেন, ক্ষণিকের মোহ আর বোকামি থেকেই ভুল করেছেন ক্রিস্টেন। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেও তীব্র অনুশোচনায় ভুগছেন তিনি। শুধু তা-ই নয়, নিজের কৃতকর্মের জন্য ভীষণ ভেঙে পড়েছেন ক্রিস্টেন।প্যাটিনসন তাঁদের প্রেম টিকিয়ে রাখতে কিছু শর্ত জুড়ে দেওয়ারও পরিকল্পনা করছেন। ক্রিস্টেনকে বেশির ভাগ সময় নিজের শহর লন্ডনেই রাখতে চান তিনি। এ ছাড়া ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির কাজের ধারা অনুসরণ করতে চান প্যাটিনসন; এমনভাবে ছবির কাজ হাতে নিতে চান, যাতে প্রেমিকাকে ছেড়ে আর দূরে থাকতে না হয়।