গোয়া উৎসবে ‘মনের মানুষ’
যৌথ প্রযোজনার ছবি মনের মানুষ ভারত ও বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর, কিন্তু তার আগেই ফকির লালন শাহকে নিয়ে তৈরি এই ছবির প্রদর্শনী হচ্ছে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের সমুদ্র উপকূলীয় রাজ্য গোয়ায় শুরু হলো ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গোয়ার দীননাথ মুঙ্গেশকর কলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন হিন্দি ছবির প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়া। বিশেষ অতিথি ছিলেন অজয় দেবগন।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এবার গোয়া উৎসবে ৩০০টি ছবি দেখানো হবে। এর মধ্যে থাকছে বিশ্বের বিভিন্ন দেশের ছবিও। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয় ওম পুরি, আকিব খান, লিন্ডা ব্যাসেট অভিনীত এবং অ্যান্ডি ডিএমোনি পরিচালিত ব্রিটেনের ছবি ওয়েস্ট ইজ ওয়েস্ট।ভারতীয় প্যানোরমায় এবার দেখানো হবে ২৬টি পূর্ণদৈর্ঘ্য ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো ঋতুপর্ণ ঘোষের আবহমান, অঞ্জন দাসের অচিন পাখি, সোমনাথ গুপ্তের আমি আদু, অমিতাভ বচ্চন অভিনীত পা এবং আমির খান অভিনীত থ্রি ইডিয়টস।এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে দেখানো হবে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত নৌকাডুবি ছবিটিও। ছবিটি নির্মিত হয়েছে বাংলা ও হিন্দি ভাষায়।