গোয়া চলচ্চিত্র উৎসবে যাচ্ছে দেশের চার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ৪৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো
ভারতের ৪৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো

ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) বাংলাদেশ থেকে চারটি ছবি অংশ নিচ্ছে।

ভারতের গোয়ায় এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস থেকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণায়ের অনুরোধে তথ্য মন্ত্রণালয় এ উৎসবের জন্য দেশের চারটি ছবিকে চূড়ান্ত করে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) জি এন নজমুল হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

উৎ​সবের জন্য নির্বাচিত ছবিগুলোর মধ্যে রয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’, প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ ও অধ্যাপক অরূপ রতন চৌধুরী পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’।

এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি চলচ্চিত্র নির্মাতাদের কাছে পাঠানো হয়েছে। ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। গোয়ায় আয়োজিত ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ​সবটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।