গোয়ালন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য তাদের লাশ রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত ব্যক্তিরা হলেন চাঁদ মোহাম্মদ (৪০) ও দিলীপ কুমার (৫০)। পুলিশ জানায়, চাঁদ মোহাম্মদ যাত্রীবাহী বাস একতা পরিবহনের সুপারভাইজার ছিলেন। দিলীপ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।গোয়ালন্দঘাট থানার পুলিশ জানায়, গতকাল রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস রাত আড়াইটার দিকে দৌলতদিয়ার ক্যানেল ঘাটে পৌঁছায়। এ সময় পেছন থেকে কাঁচা পণ্যবোঝাই একটি ট্রাক বাসের দরজার কাছে দাঁড়ানো সুপারভাইজার চাঁদ মোহাম্মদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চাঁদ আলীর মোড় জয়নগর গ্রামে। ওই রাতেই দৌলতদিয়া ঘাটে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে ছিলেন দিলীপ কুমার। ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। কিছুক্ষণ পর তিনি মারা যান। দিলীপ কুমার পিরোজপুরের সদর উপজেলার গ্রামের সুধীর কুমারের ছেলে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, দিলীপের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। লাশ দুটি উদ্ধার করে আজ সকালেই রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে। লাশ উদ্ধার: আজ সকালে গোয়ালন্দঘাট থানার পুলিশ উপজেলার দেবগ্রাম বেথুরী এলাকায় পদ্মার পার থেকে অজ্ঞাতনামা (২৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। স্থানীয় গ্রাম পাহারাদার ও এলাকাবাসীর দেওয়া ভাষ্যের বরাত দিয়ে ওসি জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। পদ্মার পারে মাটি কেটে নেওয়ার পর সৃষ্ট গর্তে দিনের অধিকাংশ সময় তিনি ঘুমিয়ে থাকতেন।