গৌতম ঘোষের কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম ঘোষ। ছবি: কবির হোসেন
গৌতম ঘোষ। ছবি: কবির হোসেন

জীবন কাটায়ে দেয় যে মানুষ সুক্ষ্মতর শিল্পচিন্তা নিয়ে’ তেমনই একজন গৌতম ঘোষ—চলচ্চিত্রকার। ভারতের সৃজনশীল পরিচালক। তাঁর সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিলেন চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান। তবে গৌতমের সঙ্গে আমাদের সেদিনের সাক্ষাৎকারপর্ব একসময় রূপান্তরিত হলো খোলা আলাপে। সেখানে তখন হাবিবুর রহমান খানও উপস্থিত। সেই আলাপ ছেঁকে নানা প্রসঙ্গে গৌতম ঘোষের কিছু কথা-কিছু অভিব্যক্তির প্রকাশ ঘটেছে এখানে। সাক্ষাৎকার নিয়েছেন আলতাফ শাহনেওয়াজ
l প্রথমে একটি প্রচলিত ধারার প্রশ্ন দিয়ে শুরু করি, গৌতম ঘোষ যদি চলচ্চিত্রকার না হতেন, তাহলে কোন পেশা বেছে নিতেন তিনি?
গৌতম ঘোষ: এভাবে কখনো ভাবিনি। চলচ্চিত্রকার না হলে কী হতাম আসলে? হয়তো সেই চিরাচরিত পেশা—চিকিৎসক, প্রকৌশলী। আমাদের সময় মা-বাবারা বলতেন, ‘হয় ডাক্তার হও, না হয় ইঞ্জিনিয়ার; অথবা সরকারি প্রশাসনে কাজ করো।’ এ তিনটি ছিল সেট প্রফেশন। আমার বাবা হিমাংশু কুমার ঘোষ ছিলেন অধ্যাপক। তিনি চেয়েছিলেন আমি অধ্যাপনা করব। আমরা আসলে এই বাংলার লোক, ফরিদপুরের লোক। আমাদের গ্রামের নাম ভাঙা আলগীর। শহরের বাড়ি ছিল ফরিদপুর সদরে। কোতোয়ালির পাশের বাড়িটি ছিল আমাদের। আমার বাবা-চাচারা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তখন তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার ব্যবস্থা ছিল কলকাতায়। সে সময় এদিক থেকে যাতায়াত খুব সহজ ছিল। ফরিদপুর-কলকাতা সরাসরি যোগাযোগব্যবস্থা ছিল। আমরা এমন গল্পও শুনেছি, কলকাতায় সিনেমা দেখে পরের দিনই চলে আসতেন তাঁরা। আমাদের সব সময় এ বাংলা-ও বাংলায় আসা-যাওয়া ছিল।

l ১৯৪৭ সালে দেশভাগের পর কি আপনারা পুরোপুরি চলে গেলেন কলকাতায়?

গৌতম: ব্যাপারটা কী, আমাদের পরিবারের কিছু লোক সাতচল্লিশের সময় চলে গিয়েছিলেন। পরে সবাই আস্তে আস্তে গেছেন। আমার বড় জ্যাঠামশাই সমরেন্দ্র ঘোষ ঢাকায় চাকরি করতেন। তিনি যাননি। অন্যদিকে, আমার দাদামশাই সুরেন্দ্রনাথ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছিল অনেকটা জোর করেই। তিনি যেতে চাননি। ১৯৫৪ সালে মারা গিয়েছেন দাদামশাই। তিনি বিশ্বাসই করতেন না যে দেশ ভাগ হতে পারে। তিনি বলতেন, ‘এটা ওই নেহরু-জিন্নাহ পাগলামো করতেছে। এটা হয় নাকি কখনো! বাঙালিদের দুই ভাগ করা যায় নাকি!’ আমরা সবাই এদিককার। আমার মা সান্ত্বনা ঘোষের পূর্বপুরুষের ভিটাও বিক্রমপুরে।

l এবার জানতে চাই আপনার চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠার গল্প...

গৌতম: আমরা যখন কলেজে পড়ি, তখন ষাটের দশক। সেটা ছিল একটা উত্তাল সময়। কলকাতায় নকশালবাড়ী আন্দোলন দানা বাঁধছে। ভিয়েতনামে যুদ্ধ চলছে। ফ্রান্সে ছাত্র-আন্দোলন চলছে। তারপর বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ-পূর্বাবস্থা। তো, সেই সময়ে একাডেমিক শিক্ষাটা আমাদের ঠিক মনপছন্দ হচ্ছিল না। মনে হচ্ছিল, পুরোটাই পাল্টে দিই। নতুন একটা কিছু করি। ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলাম। গান গাইতাম। ম্যাজিক শো, স্টিল ফটোগ্রাফি করতাম। এরপর একসময় দেখলাম, নাটক-গান-ম্যাজিক-ছবি তোলা—সবকিছুর সমন্বয় হচ্ছে সিনেমা। তখন সিনেমাটাই আমাকে বেশি করে টানল। এই টান থেকেই চলচ্চিত্রে চলে আসা। আমার বাবা-মা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। আমার ইচ্ছার মূল্য দিয়েছেন।

l অনেকে বলেন, আপনি সেলুলয়েডে কবিতা লেখেন। আপনার ছবির ফ্রেমে ফ্রেমে থরে-বিথরে সাজানো থাকে কবিতাই। সে পদ্মানদীর মাঝি, আবার অরণ্যে অথবা মনের মানুষ—যে ছবি প্রসঙ্গেই বলা হোক না কেন।

গৌতম: আমি এটা জানি। তবে কী জানো, এই যে হরহামেশা বলা হয়, সেলুলয়েডের কবিতা—এগুলো খুব না বুঝে ব্যবহার করা হয়। কবিতাটা আসলে মানুষের সহজাত ব্যাপার। কোনো মানুষ সে সাক্ষর হোন কিংবা নিরক্ষর, তাঁর মধ্যে একজন কবি লুকিয়ে থাকেন। তা না হলে আমাদের অসাধারণ লোকগীতি এমনকি লালন ফকির হতেন না। কবিতাটা আমাদের একটা অভিব্যক্তি। সেলুলয়েডে কবিতা—কবিতা তো থাকবেই। কবিতা ছাড়া তো কিছু নেই। কবিতার মধ্যে অনেক বেশি বিমূর্ত ভাব আছে।

যদি চলচ্চিত্রের কথা বলি, সিনেমার যেকোনো ফ্রেমের মধ্যেই তো একটা বিমূর্ত কবিতার ভাব চলে আসে। এখানে বিমূর্ত ব্যাপারটাই হচ্ছে মূল। আসলে আমাদের মনের সৃষ্টিশীল চিন্তার ভেতরে বিমূর্ত ভাবটাই বেশি। এটা বাস্তব-পরাবাস্তব ও অবাস্তব—এগুলোকে মিলিয়ে-মিশিয়ে তৈরি হয়। ধরা যাক, আমি ক্যামেরায় কোনো দৃশ্য ধারণ করছি—যা তুলছি, তা-ই উঠছে। কিন্তু সেটার মধ্যে কীভাবে একটা শৈল্পিক প্রকাশ আনা যায়, ব্যাপারটা নিয়ে আগে ভাবতে হবে। সিনেমার ক্ষেত্রে আমি চিন্তা করি যে ফ্রেমটায় শুধু একটি বাস্তব চিত্র ধারণ করব না, তার মধ্যে থাকবে আরও বেশি কিছু। পদ্মানদীর মাঝিতে পদ্মার প্রবহমান কাব্যময়তা ও ছন্দকে ধরতে চেয়েছি আমি। আর মনের মানুষ-এ আছে লালনের ভ্রমণ। দুটো ছবিতেই আছে গ্রামবাংলার অপূর্ব রূপ। ফলে ফ্রেমের মধ্যে কবিতা তো আসবেই। তবে একটা ছবি তৈরি করতে যেমন আবেগ লাগে, তেমনি যুক্তিও প্রয়োজন হয়।

l পদ্মানদীর মাঝি নিয়ে চলচ্চিত্র নির্মাণে আপনার আগ্রহ তৈরি হলো কেন?

গৌতম: ছবিটি করেছিলাম ১৯৯১ সালে, আজ থেকে ২২ বছর আগে। তবে প্রস্তুতি আরও আগের। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটি পড়ার পর আমার মনে হয়েছিল, এর মধ্যে অনেক সিনেম্যাটিক ব্যাপার রয়েছে, যা সব উপন্যাসে থাকে না। মনে হয়েছিল, অন্তর্জলীযাত্রার পর আমি এমন একটা ছবি নির্মাণ করি না কেন, যেখানে আমাদের বাংলার নদী, মাটি, তার দুই পাশের মানুষজন ও তাদের সভ্যতা উঠে আসবে। আরেকটি কথা, এই ছবি বানানোর সময় আমার বাবা আমাকে বলেছিলেন, ‘এত দিনে একটা কাজের কাজ করলি, আমার দেশের বিষয় নিয়া ছবি বানাচ্ছস।’

l এই ছবিতে কুবের ও মালা চরিত্রে রাইসুল ইসলাম আসাদ ও চম্পাকে কাস্ট করেছিলেন কোন ভাবনা থেকে?

গৌতম: যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি, তাই নিয়ম অনুযায়ী ভারত-বাংলাদেশ দুই দেশ থেকেই শিল্পী নিয়েছি। আর আসাদ প্রথম থেকেই আমাদের দলে ছিলেন, আমার সহকারী হিসেবে। আমরা একসঙ্গে লোকেশন দেখতে গেলাম। সেখানে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো, ‘কুবের’ চরিত্রে ও ভালো করবে। তবে আজ এত বছর পর কথাটা তো ফাঁস করাই যায়—আমি প্রথমে ভেবেছিলাম, ‘মালা’ চরিত্রটা করবেন ভারতের মমতাশঙ্কর এবং ‘কপিলা’ বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। যেকোনো কারণেই হোক তাঁরা পারেননি। পরে মালা চরিত্রে চম্পা ও কপিলার জন্য রুপা গাঙ্গুলীকে কাস্ট করি। ওঁরা অসাধারণ অভিনয় করেছিলেন।

l ২২ বছর পর পদ্মানদীর মাঝি দেখলে আপনার এখন কী মনে হয়?

গৌতম: শোনো, আমার সব ছবি পরে যখন দেখি, তখন চোখে অনেক ত্রুটি ধরা পড়ে। তবে কী আর করা...সিনেমা তো আর নতুন করে তৈরি করা যায় না। কিন্তু এখনপদ্মানদীর মাঝি দেখলে অনেক স্মৃতি মনে পড়ে। এই তো গতকালই (৭ নভেম্বর) এ চলচ্চিত্রের চিত্রনাট্য, স্থিরচিত্র, এর কুশীলবদের কথোপকথন ও ছবির আলোচনা-সমালোচনাগুলো নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছে পদ্মানদীর মাঝি: চিত্রনাট্য ও অনান্য প্রসঙ্গ নামে। সংকলনটির মোড়ক উন্মোচন করতেই এবার বাংলাদেশে এসেছি আমি। সংকলনটি প্রকাশের উদ্যোক্তা হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর। এটা খুব ভালো একটা ডকুমেন্টেশন। বইটি ভবিষ্যতের চলচ্চিত্রগবেষকদের অনেক কাজে লাগবে। বিশেষ করে পদ্মানদীর মাঝি উপন্যাস ও চিত্রনাট্য পড়ে পাঠকেরা নিজেরাই মিলিয়ে দেখতে পারবেন, কোনো সাহিত্যকর্ম নিয়ে ছবি বানাতে গেলে কী কী পরিবর্তন করতে হয়।

l কলকাতার বর্তমান সিনেমা নিয়ে আপনার অভিমত কী?

গৌতম: কলকাতার সিনেমায় এখন অনেক নতুন ছেলেমেয়ে এসেছে। ওরা প্রযুক্তির ব্যবহার অনেক ভালো জানে। তা ছাড়া এখানকার নতুন অর্থনীতিও তাদের মনে পরিবর্তন এনেছে। এসবের কিছুটা প্রতিফলন তো আছেই। অন্যদিকে, দর্শকদের মধ্যে একটা ভাগও তৈরি হয়েছে—গ্রামীণ দর্শক, মাল্টিপ্লেক্স দর্শক ইত্যাদি। তবে ইরান বা সাউথ-ইস্ট এশিয়ায় যেসব নতুন বিষয় ও আঙ্গিকে ছবি তৈরি হচ্ছে, তা থেকে আমরা এখনো পিছিয়ে আছি। আরেকটা ব্যাপার হলো, একটা কাজ শেষ হওয়ার আগেই নির্মাতারা নতুন আরেকটা কাজে হাত দিচ্ছেন। প্রযোজক থাকবেন না, তাঁদের বসে বসে সময় পার করতে হবে—এ ভয় থেকেই হয়তো তাঁরা এমন করছেন। কিন্তু এর ক্ষতিকর দিকটা হলো, এর ফলে একটা ছবির প্রতি যে মনোযোগ দেওয়া দরকার, অনেক ক্ষেত্রে সেটা এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আগের চলচ্চিত্র দেখলে মনের মধ্যে কেমন একটা প্রশান্তি জাগত। এখন অনেক সময়ই সেটা জাগে না।

l বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র...

গৌতম: বাংলাদেশে এখন অনেক নতুন ছেলেমেয়ে সিনেমা বানাচ্ছে। তাদের অবশ্যই সাধুবাদ জানাব। তারা নতুন বিষয় ও নতুন আঙ্গিকে কাজ করার চেষ্টা করছে। তবে তাদের আরও ভাবতে হবে। তাদের বের করতে হবে নিজের একটি স্বাক্ষর।

l আপনার নতুন ছবি সম্পর্কে জানতে চাই...

গৌতম: আপাতত চিত্রশিল্পী কে. বি. সুব্রমনিয়ামকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রের কাজ করছি। এ ছাড়া হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর একটা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা, একটা ভারত-ইতালিয়ান যৌথ প্রযোজনা এবং আরেকটি হিন্দি সিনেমার কাজ করব। এর মধ্যে বাংলা ছবিটাই আগে শুরু করব।

পুনশ্চ: গৌতম ঘোষের সঙ্গে আমাদের নির্ধারিত সাক্ষাৎকার শেষ। বিদায় সম্ভাষণে আমাদের তিনি বললেন, ‘ভালো থেকো। দেখা হবে।’ তার পরও কথা তো শেষ হয় না; বরং ছকের বাইরে এসে এবার নতুন কথার শুরু—গৌতম বলছেন, শুনছি আমরা। একসময় সাক্ষাৎকার আর কথার ভেতর ঢুকে পড়ল লালনের গান: ‘আজ আমায় কোপিন দে গো ভারতী গোঁসাই...’। গৌতম গান শুনছেন, সঙ্গে আমরাও।