গৌতম ঘোষের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে আমরা পেয়েছিলাম আপনার পদ্মা নদীর মাঝি। এবার নির্মাণ করছেন মনের মানুষ। মাঝে লম্বা একটা বিরতি, কেন?আসলে আমি তাড়াহুড়ো করে ছবি বানাই না। ৩০ বছর হলো চলচ্চিত্রে কাজ করছি। এর মধ্যে ১৪ থেকে ১৫টি কাহিনিচিত্র বানিয়েছি। নির্মাণ করেছি অসংখ্য তথ্যচিত্র। একটি ছবি বানানোর পরপরই কিন্তু আরেকটি ছবি নিয়ে ভাবি। তারপর প্রস্তুতি। এরপর কাজ শুরু করি। পদ্মা নদীর মাঝি ছবির পরে আমাকে আরও কিছু কাজ করতে হয়েছিল। আমার বন্ধু হাবিবুর রহমান খান আমাকে বলেছেন ছবি বানাতে। আমি বলেছি, বানাব। বানাব বলার পরও দীর্ঘ সময় লেগে গেল। আসলে পদ্মা নদীর মাঝি ছবির পরে আমি এমন একটি বিষয়বস্তু খুঁজছিলাম যে আমাকে অনেক বেশি সময় নিতে হলো। যখন মনের মানুষ ছবিটি বানাব বলে ঠিক করলাম, তখনই হাবিবকে বললাম এবং কাজও শুরু করলাম।নিয়মিত দুই বাংলা মিলে চলচ্চিত্র নির্মাণে সমস্যা কোথায়?কোনো সমস্যা নেই। এর পেছনে আসলে সমস্যা হচ্ছে আমাদের দুই বাংলার বাণিজ্যিক ছবির মানুষেরা। তাঁরাই তো অনেক সময় অনেক রকম কথা বলেছেন। দেখুন, আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি যে দুই দেশের সরকার যৌথ প্রযোজনা নিয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কিন্তু আমরা এ সুযোগটাকে কাজে লাগাতে পারি না। অথচ সুবর্ণ এক সুযোগ রয়ে গেছে আমাদের। দুই বাংলার অনেক বড় একটি বাজার রয়েছে। দুই বাংলাতেই অনেক ভালো শিল্পী ও কলাকুশলী আছে। তাঁদের নিয়ে যদি ভালোভাবে একটি কাজ করা যায়, তবে আমাদের সিনেমা অনেক বেশি উপকৃত হবে। তখন দেখা যাবে যে ছবি নির্মাণের ব্যয়ভারও অনেকটা কমে যাবে। তাতে করে একজন প্রযোজকের ওপর চাপও কমে আসে। কিন্তু মাঝে তো অনেক দিনই এটা বন্ধ ছিল। জানি না, কারা, কীভাবে, কেন বন্ধ রাখল। আমি তো মনে করি যে বছরে একাধিক যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ করা উচিত।কলকাতার চলচ্চিত্র এবং আমাদের চলচ্চিত্রের মধ্যে কোনো তফাত আছে কী? থাকলে সেটা কোথায়? বাণিজ্যিকভাবে কোন দেশের ইন্ডাস্ট্রি ভালো অবস্থায় আছে বলে মনে করেন?পার্থক্য সেভাবে চোখে পড়ে না। বরং অনেক মিল দেখতে পাই। যেমন কলকাতার নির্মাতারা নকল করে তামিল আর মুম্বাইওয়ালাদের। ঢাকার ছবিতেও আমরা সেই তামিল আর মুম্বাইয়ের ছবির আদলে ছবি দেখছি। এটা খুবই দুঃখজনক। অথচ বাংলার ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ। কিন্তু আমরা নিজেদের বুদ্ধি খাটাই না। আমার আরেকটি বিষয় মনে হয়েছে যে আমরা চলচ্চিত্রটাকে খুব বেশি সোজা বলে মনে করছি। কিন্তু এটা ভুল। পড়াশোনা করার প্রয়োজনটা বেশি। জানতে হবে, বুঝতে হবে, তবেই কাজটা করা যাবে। এটারও খুবই অভাব আমাদের।কলকাতার বাণিজ্যিক ছবির বাজারের অবস্থা তো ভালো ছিল না। অনেক শিল্পী-কলাকুশলীই বলেছেন, এই শিল্প বাঁচবে না। অথচ আজকের দৃশ্যপট ভিন্ন। বড় বড় বাজেটের ছবি হচ্ছে। ব্যবসাসফল হচ্ছে।কলকাতার বাণিজ্যিক ছবির ইন্ডাস্ট্রি মাঝে ভালো ছিল না, এ কথা সত্য। তবে বাইরে থেকে যখন প্রযোজকেরা এলেন, বিশেষ করে বম্বে ও দক্ষিণের প্রযোজকেরা টাকা লগ্নি করার পর ছবির বাজারটা চাঙা হলো। কিন্তু মানের দিক থেকে নিজস্বতা বলে কোনো কিছু তৈরি হলো না সেখানে। সামনে কী হবে বলা কঠিন।বলিউডের ছবির ভাষা বদলে যাচ্ছে। অনেকেই বলেন যে দুই বাংলাতেই বলিউডকে নকল করা হয়। তাহলে বলিউডে যেখানে তারে জামিন পার হয়, থ্রি ইডিয়টস হয়, রং দে বাসন্তি হয়, সেখানে দুই বাংলার চলচ্চিত্রে এর কোনো ছাপ দেখা যায় না কেন?ওই যে বললাম, আমাদের মধ্যে পড়াশোনাটার খুবই অভাব। আমরা অন্যকে অনুসরণ করতে পছন্দ করি। নিজেরা পরীক্ষা-নিরীক্ষা করতে পারি না। আজ বলিউড বদলে যাচ্ছে। কারণ হচ্ছে, অবাস্তবমুখী কোনো কিছু বেশি দিন স্থায়িত্ব পায় না। তাই এখন সেখানে সবকিছুই বদলে যাচ্ছে। দুই বাংলাতে বদলাতে হলে সেই উদ্যোগ নিতে হবে। এটা কে নেবে?