গৌরবের বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় বিজয় উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা ষ প্রথম আলো
শিল্পকলায় বিজয় উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা ষ প্রথম আলো

বিজয় দিবস আসন্ন। রাজধানীজুড়ে এখন ফেরিওয়ালারা বিক্রি করছেন জাতীয় পতাকা। রাজপথে ছুটে চলা যানবাহন, অফিস কিংবা বসতবাড়ির চিলেকোঠায় উড়তে দেখা যচ্ছে এই লাল-সবুজ পতাকা। বাঙালির চিরগৌরবের এই দিনকে ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। প্রতিদিন বিকেল থেকেই বিজয়ের গান, নাচ, কবিতা আর নাটকে মঞ্চগুলো জমজমাট। এ ছাড়া গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবী দিবসের নানা আয়োজন। বিভিন্ন সংগঠনের বিজয় দিবসের অনুষ্ঠানমালা:
গ্রুপ থিয়েটার ফেডারেশন: গ্রুপ থিয়েটার ফেডারেশন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীর মূল গেটের সামনে শনিবার বিকেলে আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
আলোচনায় অংশ নেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম্উল্লাহ্ প্রমুখ। প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মমতাজ আলী পরিচালিত রক্তাক্ত বাংলা।
বাংলা একাডেমি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলা একাডেমি স্মারক বক্তৃতা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকেলে একাডেমির সেমিনার কক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ঐতিহাসিক রায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক। একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
শিল্পকলা একাডেমী: শনিবার একাডেমীর উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে তিন দিনের বিজয় উৎসব। সন্ধ্যায় ‘মরণ সাগরে তোমরা অমর’ গানের সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। এ ছাড়া একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী।
মুক্তিযুদ্ধ জাদুঘর: বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুক্ত জাদুঘরের আয়োজনে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক অনুষ্ঠানমালার পঞ্চম দিন ছিল শনিবার। এদিন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি আলী যাকের। আলোচনায় অংশ নেন শহীদ কাজী শামসুল হকের মেয়ে কাজী শায়লা জাবীন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: ‘জয় সর্বকালের বাংলা, জয় সর্বধর্মের বাংলা, জয় সর্বমানবের বাংলা’ প্রতিপাদ্য নিয়ে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাঁচ দিনের বিজয় উৎসব। উৎসবের দ্বিতীয় দিন শনিবারের আয়োজনের সূচনাতেই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একক বক্তব্য দেন মানজারুল চৌধুরী। পর পর দুটি সমবেত গান করে উদীচী। দলীয় গান করে আনন্দন, আওয়ামী শিল্পীগোষ্ঠী ও পদাতিক সংগীত সংসদ। দলীয় নাচ পরিবেশন করে নৃত্যশ্রী।
‘বিজয় নিশান’: বিজয়ের ৪২তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও সমমনা সংগঠনগুলোর আয়োজনে শুরু হয়েছে ‘বিজয় নিশান’ নামে তিন দিনের প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের সামনে ‘লোহিত বিজয় নিশান হাতে জেগে ওঠো অগ্নিদগ্ধ বাংলাদেশ’ স্লোগান নিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন জয়িতা। এরপর উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেখন অধ্যাপক রতন সিদ্দিকী, মুজাহিদুল ইসলাম সেলিম ও আসিফ মুনির। আলোচনার পর সন্ধ্যায় শহীদদের স্মরণে আলোক প্রজ্বালন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান।