গৌরী আর প্রিয়াংকার বিরোধ মিটেছে!
অবাক করা খবরই বটে—গৌরী খান আর প্রিয়াংকা চোপড়ার বিরোধ নাকি মিটে গেছে! কয়েক দিন ধরেই শাহরুখ-গৌরী দম্পতি আর প্রিয়াংকার খুব কাছের বন্ধুদের মধ্যস্থতায় এই ফল পাওয়া গেছে। এই বন্ধুরা গৌরীকে বুঝিয়েছেন, শাহরুখ আর প্রিয়াংকার মধ্যে কখনোই প্রেম-ভালোবাসা কিংবা অন্য কোনো সম্পর্ক ছিল না। চলচ্চিত্রে তাঁদের ঘনিষ্ঠতাকে ঘিরে কিছু সংবাদমাধ্যম নানা মুখরোচক সংবাদ পরিবেশন করে। বন্ধুদের মতে, এসব ছিল একেবারেই গুজব। পরে এই বন্ধুদের পরামর্শেই প্রিয়াংকার সঙ্গে বিরোধ মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন গৌরী। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবির শুটিংয়ের জন্য শাহরুখ এখন দেশের বাইরে আছেন। জুলাইয়ের মাঝামাঝি দেশে ফিরবেন তিনি। তখন একটি পার্টির আয়োজন করা হবে। আর ওই পার্টিতে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে প্রিয়াংকাকে। এর আগে কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, ডন ২ ছবির শুটিংয়ের সময় শাহরুখ খান ও প্রিয়াংকার মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। জিনিউজ ব্যুরো।