গ্যাংনাম নাচকে বিদায় জানালেন সাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংনাম নাচকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন ‘গ্যাংনাম স্টাইল’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া দক্ষিণ কোরীয় র‌্যাপ সংগীতশিল্পী সাই। গত ৩১ ডিসেম্বর নিউইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজিত এক কনসার্টে এমনটিই জানিয়েছেন তিনি।বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ‘ডিক ক্লার্ক’স নিউ ইয়ার’স রকিং ইভ’ কনসার্টে গান গাওয়ার এক পর্যায়ে সাই বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে টাইমস স্কয়ারে উপস্থিত থাকতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার কাছে পুরো মহাবিশ্বের মধ্যে এ মঞ্চটিই সবচেয়ে বড়। তার ওপর আজ আমার ৩৫তম জন্মদিন। এটাই আমার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ জন্মদিন। আমার মনে হয়, এতকিছু পাওয়ার পর এখন গ্যাংনাম স্টাইলকে বিদায় জানানোর সময় এসেছে।’ জানিয়েছে এমটিভি নিউজ। সাই আরও বলেন, ‘আর সব কিছুর মতো জনপ্রিয়তারও নির্দিষ্ট একটি স্থায়িত্ব থাকে। গ্যাংনাম স্টাইল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু চিরকাল সেটা থাকবে না। এখন গানটির জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে চাই আমি। সে লক্ষ্যে পরবর্তী গান তৈরির পেছনে প্রচুর সময় ও শ্রম ব্যয় করছি। আমার প্রত্যাশা, নতুন এই গানটিও ঝড় তুলবে চারদিকে।’ প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার র‌্যাপ সংগীতশিল্পী পার্ক জে-স্যাং সবার কাছে পরিচিতি পেয়েছেন ‘সাই’ নামে। ‘গ্যাংনাম স্টাইল’ গানের সঙ্গে অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে সাইয়ের অদ্ভুত ভঙ্গিমার নাচ দেখে মুগ্ধ হয়েছেন বিশ্বের অসংখ্য মানুষ। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্ব রেকর্ডও গড়ে। গত বছরের জুলাই মাসে ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত এটি ১০০ কোটিরও বেশিবার দেখা হয়েছে।