গ্যাংনামের পর এবারে সাইয়ের ‘জেন্টেলম্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যাংনাম স্টাইল’ গানের ব্যাপক সাফল্যের পর এবার ‘জেন্টেলম্যান’ শিরোনামের গান নিয়ে হাজির হচ্ছেন দক্ষিণ কোরীয় র‌্যাপ সংগীতশিল্পী সাই। ‘গ্যাংনাম স্টাইল’ গানের সঙ্গে অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে সাইয়ের অদ্ভুত ভঙ্গিমার নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন বিশ্বের অসংখ্য মানুষ। সেই সাফল্যের রেশ ধরে ‘জেন্টেলম্যান’ গানটিতেও নতুন ধরনের নাচ উপহার দেবেন ৩৫ বছর বয়সী এ সংগীত তারকা। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাই বলেন, ‘আমার নতুন এই গানটি অনেক মজার। এই গানের নাচ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। শুধু এটুকু বলব, এটা কোরিয়ার ঐতিহ্যবাহী একটি নাচ। কোরিয়ার সবার কাছে এই নাচ সুপরিচিত হলেও, বিশ্বের অন্যান্য দেশের মানুষ এ নাচ আগে কখনও দেখেননি।’সাইয়ের ব্যবস্থাপক হুয়াং কিউ জানিয়েছেন, ১৩ এপ্রিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক কনসার্টে নতুন গানটি পরিবেশন করবেন সাই। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে ইউটিউব। তবে এর একদিন আগে থেকেই সাইয়ের কোরিয়ান ভক্তরা গানটি উপভোগের সুযোগ পাবেন। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার র‌্যাপ সংগীতশিল্পী পার্ক জে-স্যাং সবার কাছে পরিচিতি পেয়েছেন সাই নামে। ‘গ্যাংনাম স্টাইল’ গানের কল্যাণে রাতারাতি আন্তর্জাতিক তারকাখ্যাতি পেয়ে গেছেন সাই। ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্ব রেকর্ডও গড়েছে ‘গ্যাংনাম স্টাইল’। গত বছরের জুলাই মাসে ইউটিউবে মিউজিক ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এটি একশো কোটিরও বেশিবার দেখা হয়েছে।