বিনোদনের মায়ানগর মুম্বাইতে পীঠস্থান ও বাসস্থান যেন মিলেমিশে একাকার। সিদ্ধিবিনায়ক, হাজী আলী, মাউন্ট মেরির সঙ্গে মুম্বাই দর্শনে জুড়ে গেছে জলসা, গ্যালাক্সি, মান্নাতের নামও। সালমান খানের বাড়ির সামনে রোজ কিছু মানুষ ভিড় করে থাকেন। শুধু তাঁদের প্রিয় তারকাদের ক্ষণিকের দেখার অপেক্ষায়। কখনো দিন গড়িয়ে রাত হয়ে যায়। কখনোবা এই পথ চাওয়া শেষ হয়। শুধু একটু হাত নাড়া, এটুকুই পরম প্রাপ্তি। আর তা না হলে তারকাদের বাড়ির সামনে নিজেদের ক্যামেরাবন্দী করেই সার্থক তাঁদের মুম্বাই দর্শন। জানাচ্ছেন মুম্বাই প্রতিবেদক দেবারতি ভট্টাচার্য

অনেক দর্শনার্থী, কিছু সাহায্যপ্রার্থী—বলিউডের সুলতানের বহুতলের সামনে রোজই ভিড় করে থাকে। দূর-দূরান্ত থেকে কিছু মানুষ ছুটে আসে একটু ছোঁয়া বা সাহায্যের আশায়।
উত্তর প্রদেশের এক গ্রাম থেকে এসেছেন ২৫ বছরের রশিদ। দুটো পা-ই তাঁর কাজ করে না। ভরসা বলতে হুইলচেয়ার। আর আশ্বাস বলতে সাল্লু ভাই। সাত দিন, সাত রাত হুইলচেয়ারে বসে স্বপ্নের নায়কের প্রতীক্ষায় রশিদ। এখনো দেখা মেলেনি, তবু এক বুক আশা রশিদের। বলেন, ‘সাল্লু ভাই গরিবদের সাহায্য করেন। আমি নিশ্চিত আমাকেও তিনি চিকিৎসার জন্য টাকা দেবেন। কিন্তু ভাইজানের নিরাপত্তারক্ষীরা তাঁর কাছেই যেতে দিচ্ছে না।’
এ রকমই আরেকজন শাহিদা। রাজস্থান থেকে এসেছেন মেয়ের চিকিৎসার আশায়। বলেন, ‘শুনেছি সালমান ভাই কাউকে খালি হাতে ফেরান না। আমার ননদকেও চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। আজও ওষুধের টাকা দেন। রমজান মাসে সেই আশায় এসেছি।’ সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের সামনে আরও অনেক অসহায় মানুষের আশাবাদ, যার সাক্ষী হয়ে থাকছে শুধুই আরব সাগর।

গ্যালাক্সির প্রথম তলায় বলিউডের বজরঙ্গি ভাইজান থাকেন তাঁর বাবা, মাকে সঙ্গে নিয়ে। পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করেন তিনি। তাই বিলাসবহুল বাংলো নয়, গ্যালাক্সির মতো সাদামাটা বহুতলকেই বেছে নিয়েছেন। প্রথম ছবি বিবি হো তো অ্যায়সির আগে থেকেই তাঁর ঠিকানা এটি।
বলিউডের সুলতানের বহুতলের সামনে অন্তহীন আরব সাগর। আর তার পাশেই ছোট একটা পার্ক। এই পার্কে রোজ ঠিক সকাল সাতটায় আসেন সালমানের বাবা লেখক সেলিম খান। তাঁরই উদ্যোগে এই পার্কে বসেন এক চিকিৎসক, যাঁর দরজা খোলা শুধু অসহায়-দরিদ্র মানুষের চিকিৎসার জন্য। সেলিম ও সালমান চিকিৎসকের পরামর্শমতো দুস্থ মানুষের চিকিৎসার জন্য অর্থ দেন।
সাল্লু মিয়ার গ্যালাক্সির সামনে ডাব বিক্রেতা আলতাফ। রোজই তিনি দেখেন রুপালি পর্দার নায়ককে। কখনো কি ইচ্ছা হয়নি স্বপ্নের নায়কের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করার? আলতাফের উত্তর, ‘একদমই না। তিনি তাঁর মতো থাকেন। আমি আমার কাজ করি। গতকালই তো প্রায় দেড় ঘণ্টা সাইকেল চালালেন।’