
গ্যালারি কায়ার এবারের চিত্র প্রদর্শনীটি কয়েক প্রজন্মের নয় শিল্পীর ছবি নিয়ে। এঁদের সবার পেইন্টার হিসেবে খ্যাতি রয়েছে, কিন্তু এবারের প্রদর্শনীটি তাঁদের ড্রয়িং নিয়ে। তাই প্রদর্শনীর শিরোনামও ‘ড্রয়িংস’।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মুর্তজা বশীর, চন্দ্র শেখর দে, রতন মজুমদার, জামাল আহমেদ, কাজী রকিব, রণজিৎ দাস, শিশির ভট্টাচার্য্য, গৌতম চক্রবর্তী ও মোহাম্মদ ইকবাল।
প্রদর্শনীর উদ্বোধন হয়েছে গতকাল বিকেলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘এ ধরনের প্রদর্শনী আরও হওয়া দরকার। একসময় সরকার শিল্পকর্ম সংগ্রহ করে শিল্পীদের উৎসাহ দিত। এখনো সেটা করা উচিত। আমরা এ ব্যাপারে দৃষ্টি দিচ্ছি।’
অতিথি হিসেবে আরও ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক ও শিল্প সমালোচক সাদেক খান।
প্রদর্শনীটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে একটু সময় নিয়ে গ্যালারিতে ঢুঁ মারলেই ছবিগুলো দেখা যাবে।