
১৩ বছর আগে রাজধানীর উত্তরায় গ্যালারি কায়া যখন প্রতিষ্ঠিত হয়, তখন অনেকেই ভেবেছিলেন এ উদ্যোগ দু-তিন বছরের বেশি টিকবে না। সাধারণত ধানমন্ডিতেই তখনকার বেশির ভাগ গ্যালারির অবস্থান। সেখানে উত্তরার মতো জায়গায়, যানজটে স্থবির ঢাকার প্রায় অপর প্রান্তে একটি গ্যালারি চলে কী করে?
স্থপতি শামসুল ওয়ারেসও তা-ই ভেবেছিলেন। ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধনীতে তিনিই বিশেষ অতিথি। বললেন, ‘কায়া চলবে কি চলবে না—এমন সংশয় ছিল। কিন্তু শিল্পী গৌতম চক্রবর্তীর প্রায় একক চেষ্টায় এটি ১৩ বছর পার করে দিল।’
গতকাল থেকে শুরু হওয়া কায়ার এই প্রদর্শনীতে ৩২ জন শিল্পীর ৫০টি কাজ রয়েছে। ২০০৪ সালের এ দিনটিতেই যাত্রা শুরু করেছিল গ্যালারি কায়া। প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা।
প্রদর্শনীতে মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, দেবদাস চক্রবর্তী, সমরজিৎ রায়চৌধুরীর মতো প্রবীণ গুণী শিল্পীদের কাজ আছেই, আছে এর পরের কয়েক প্রজন্মেরও উপস্থিতি।
এদের মধ্যে আছেন রফিকুন নবী, হামিদুজ্জামান খান, মনসুর-উল-করিম, চন্দ্র শেখর দে, রতন মজুমদার, শম্ভু আচার্য, জামাল আহমেদ, কাজী রকিব, রণজিৎ দাস, কামালউদ্দিন, আহমেদ শামসুদ্দোহা, মাসুদা কাজী, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, রাফি হক, মোহাম্মদ ইকবাল, নগরবাসী বর্মণ, শেখ মো. রোকনুজ্জামান, আশরাফুল হাসান, রুহুল আমিন তারেক, সোহাগ পারভেজ, সুব্রত দাস, শাহানূর মামুন। কনিষ্ঠ শিল্পীদের মধ্যে আছেন কাওসার শিকদার ও অংকুর সিংহ।
ভারতের দুজন শিল্পীর কাজ এ প্রদর্শনীতে আছে। একজন সদ্যপ্রয়াত বিখ্যাত চিত্রশিল্পী কে জি সুব্রামানিয়ান, অন্যজন অতীন বসাক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘এ প্রদর্শনীতে বাংলাদেশি চিত্রকলার একটি ধারাবাহিক চিত্র পাওয়া যাচ্ছে। ইতালির ফ্লোরেন্সে ছাত্রাবস্থায় মুর্তজা বশীরের আঁকা ছবিগুলো দেখে চমৎকৃত হয়েছি।’