তখনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি। শিল্পীদের সঙ্গে ঘুরে ঘুরে পোড়ামাটির ভাস্কর্য দেখছিলেন দর্শকেরা। কেউ কেউ শিল্পী ও তাঁর শিল্পকর্মকে নিয়ে মুঠোফোনের ক্যামেরায় ছবি তুলছিলেন। ধানমন্ডির গ্যালারি টুয়েন্টিওয়ানে তখন উদ্বোধনের অপেক্ষায় ১৩ জন শিল্পীর ট্যারাকোটা প্রদর্শনীর। গতকাল বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধনের সময় উপস্থিত অতিথি বিখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ বললেন, ‘এটি শিল্পের অত্যন্ত আদি এক মাধ্যম। আগুন আবিষ্কারের পরই মূলত এর যাত্রা শুরু হয়। ভারতবর্ষের মধ্যে ট্যারাকোটায় বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে।’
প্রদর্শনীর আয়োজক সোসাইটি অব আর্টিস্টের প্রতিষ্ঠাতা ভাস্কর তৈয়াবুজ্জামান তপু জানান, সোসাইটির সভাপতি শিল্পী মুজিবুর রহমানকে নিয়ে ডিসেম্বরের ৫ থেকে ১৩ তারিখ তাঁরা একটি কর্মশালা করেন। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের ৩৩টি শিল্পকর্ম নিয়েই এই প্রদর্শনী।
প্রদর্শনী চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।