
গ্যালারি টুয়েন্টি ওয়ানে দশ নবীন শিল্পীর চিত্র প্রদর্শনী শুরু হলো গত শুক্রবার। সাংসদ সিমিন হোসেন রিমি ও শিল্পী নিসার হোসেন এসেছিলেন উদ্বোধন করতে। প্রদর্শনীর কিউরেটর শিল্পী মোহাম্মদ ইকবাল।
গ্যালারির কর্ণধার শিল্পী শামীম সুব্রানা জানালেন মজার কথা। নবীন শিল্পী হিসেবে নিসার ও ইকবালের প্রদর্শনীও গ্যালারি টুয়েন্টি ওয়ান করেছিল। উত্তরে শিল্পী নিসার হোসেন বললেন, তাঁর এ পর্যন্ত একটি প্রদর্শনীই হয়েছে। গ্যালারি টুয়েন্টি ওয়ানের পুরোনো জায়গায় প্রদর্শনীটির পর পুরো গ্যালারিই বন্ধ হয়ে গিয়েছিল। মুহূর্তে গ্যালারিতে ছড়িয়ে গেল একরাশ হাসি।
মোহাম্মদ ইকবাল বলেন, আমাদের দেশে নতুন শিল্পীদের উৎসাহ দেওয়া হয় না। বাইরে গ্যালারিগুলো ও কিউরেটররা নতুন শিল্পীদের তুলে আনেন। তাই নবীনদের উৎসাহ দিতেই এ প্রদর্শনী।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন জুয়েল এ রব, আজমল হোসেন, বুবলি বর্ণা, জাহারিয়া আলম, নাবিলা মেহজাবিন, নাফিয়া জাহান, পারভেজ হাসান, সৈয়দ ফিদা হোসেন, তানভীর জালাল ও উপমা দাস।
আজমল হোসেনের ছবিতে মেলে পুরোনো দিনে ফিরে যাওয়ার আকুতি। আধুনিক লোকাল বাসের উইন্ডস্ক্রিনের ভেতর দিয়ে তিনি দেখান রাস্তায় চলমান ঘোড়ার গাড়ি, লুকিং গ্লাসে দেখান গ্রামের দৃশ্য। জাহারিয়া আলম নারীর মধ্যে প্রকাশ করেন দৃষ্টি, প্রকৃতি ও জীবনের রং। নাফিয়া জাহান দেখান ফ্রেমে বদ্ধ মানুষের জীবনকে। মানুষ সেখানে কাচের বাটিতে গোল্ডফিশের মতো। অন্য শিল্পীরাও তাঁদের মতো করে জীবন তুলে আনেন ক্যানভাসে।
প্রদর্শনীর নাম ‘এরা’। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। দর্শকেরা দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে এলে ছবিগুলো দেখতে পাবেন।