ওপরের ছবিটি নাগরিক নাট্য সম্প্রদায়ের গ্যালিলিও নাটকের। ব্রেটল ব্রেশট-এর এ নাটকটির অনুবাদ করেছেন আবদুস সালাম আর নির্দেশনার কাজটি করেছেন আতাউর রহমান। নাটকটিতে গ্যালিলিওর চরিত্রটি করেছেন আলী যাকের। ছবিতে আলী যাকেরের সঙ্গে আবুল কাসেম, খালেদ খানসহ কয়েকজনকে দেখা যাচ্ছে। খালেদ খানের চরিত্র আন্দ্রিয়া সাত্তিক, যিনি গ্যালিলিওর প্রিয় ছাত্র ছিলেন। আলী যাকের বলেন, এখানে গ্যালিলিওকে ব্রেশট ভালো-মন্দ দুভাবেই উপস্থাপন করেছেন। নাটকটির প্রথম মঞ্চে আসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘নাটকটি মঞ্চে আসার আগে যখন সিদ্ধান্ত হলো আমাকে গ্যালিলিও চরিত্রটি করতে হবে, তার পর থেকেই আমার মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করেছে। প্রায় দুই মাস ধরে জার্মান কালচার ইনস্টিটিউটে রিহার্সেল হয়েছে। প্রথম প্রদর্শনী থেকেই মিলনায়তনভর্তি দর্শক লক্ষ করা গেছে। টানা নাটকটির প্রায় ৫০টি প্রদর্শনী হয়েছে। ‘যেহেতু নাটকটি সে সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনকার প্রজন্মও দেখতে চায় এ কারণে নাটকটিকে আবারও নতুনভাবে মঞ্চে আনা হবে।‘অসাধারণ নাটক এটি। ব্যক্তিগতভাবে আমার অভিনয়জীবনে শ্রেষ্ঠ নাটক গ্যালিলিও।’নাটকটি জার্মান সরকারের অনুদানে মঞ্চে আসে। প্রথম মঞ্চস্থ হয় জার্মান কালচার ইনস্টিটিউট মিলনায়তনে।