গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
বাংলাদেশের চারুকলা আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম শতবর্ষ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন এবং ইতালির আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথভাবে প্রকাশিত গ্রেট মাস্টার্স অব বাংলাদেশ: জয়নুল আবেদিন শীর্ষক বইয়ের মোড়ক করা হলো গতকাল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহানগরের র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বইটির মোড়ক উন্মোচন এবং শিল্পাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। বিশ্বমানের এই গ্রন্থে শিল্পাচার্যের সৃজন ও কর্মজীবন তুলে ধরা হয়েছে। গতকাল রোববার বিকেলে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা এবং শিল্পাচার্যের স্ত্রী বেগম জাহানারা আবেদিন। সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং ধন্যবাদ জানান ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।