পারস্পরিক বোঝাপড়া আর বন্ধুত্ব। এটি না হলে কোনো কাজই যে ভালো হয় না, তা আরেকবার বোঝা গেল চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস, নৃত্যশিল্পী শিবলী মহম্মদ আর রিয়াকে দেখে। এক বছরেই চমৎকার বোঝাপড়া হয়েছে তাঁদের মধ্যে। এর কৃতিত্ব অবশ্য বাংলাভিশনে প্রচারিত ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানটির। এর বিচারকাজের ভার ছিল এই তিনজনের ওপর। ঢাকার প্রথম আলো কার্যালয়ে ২ মার্চ এই রিয়েলিটি শো করতে গিয়ে তাঁদের অভিজ্ঞতা ও নাচ নিয়ে নানা কথা বলেন তাঁরা।সময়ের একটু আগেই চলে আসেন শিবলী মহম্মদ। এসেই ফোন করেন ফেরদৌস ও রিয়াকে। হাসিমুখে বলেন, ‘ওরা একটু পরেই চলে আসবে। আমাদের পুরো কাজে কেউ কাউকে কোনো ঝামেলায় ফেলেনি। ঠিক সময়মতো সব হয়েছে। এমনকি প্রোডাকশনের ছেলেটিও তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করেছেন।’ এরই মাঝে এসে হাজির ফেরদৌস। তিনি শোনালেন একদম শুরুর দিকের কথা। গত বছরের শুরুতে বাংলাভিশনে প্রথম এই অনুষ্ঠান শুরু হয়। পরে ছয় মাস যাওয়ার পর অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। সে সময় বিচারকের আসনে ফেরদৌস, শিবলী মহম্মদ আর রিয়ার পাশাপাশি মেহের আফরোজ শাওনও ছিলেন। পরে হুমায়ূন আহমেদের অসুস্থতার কারণে শাওন ছেড়ে দেন। তাঁর স্থানে আসেন রিয়া। এরপর একই চ্যানেলে নাচের এই রিয়েলিটি শো আবার শুরু হয়। তাদের সঙ্গে যোগ দেয় ম্যাঙ্গোলি। তারপর তো শুধুই সামনের দিকে এগিয়ে চলা।অভিজ্ঞতা কেমন হয়েছে? জানতে চাইলে তিনজনই উত্তর দেন, ‘অনেক ভালো’। তাঁদের বিচারকাজে কোনো প্রভাব ফেলেনি বাংলাভিশন। বরং পুরো সময়টাতে এই চ্যানেলের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রশংসার দাবিদার। এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল। আর প্রতিটি পর্বের আগে অনুষ্ঠানের কর্মকর্তারা তিন বিচারকের সঙ্গে আলোচনা করতেন, অনুষ্ঠানটিকে যাতে আরও ভালো করা যায়। ফেরদৌস বলেন, ‘বাংলাদেশে নাচের অনুষ্ঠান এমনিতেই কম। সেখানে এ ধরনের একটি রিয়েলিটি শোর আয়োজন করা কঠিন। দেশের আনাচকানাচে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাদের বিকাশের এটি হতে পারে অন্যতম মাধ্যম। আর আমি নিজে নাচ ভালোবাসি। নাচ বোঝার চেষ্টা করি। তাই বিচারকাজটি উপভোগ করেছি।’ এই সময় শিবলী মহম্মদ অবশ্য একটি তথ্য দেন—ফেরদৌস ভরতনাট্যম শিখেছেন। অনেকে অভিযোগ করেন, ভারতের নাচের রিয়েলিটি শোগুলোর মতো কেন আমাদের দেশে হয় না? এই প্রশ্নের উত্তরে শিবলী বলেন, ‘ভারতে অনুষ্ঠান আয়োজনে বড় বাজেট ও আনুষঙ্গিক নানা সুবিধা থাকে। তবে ওদের অনেক অনুষ্ঠানেই নৃত্যকলা থাকে না। সেখানে অনেকটা অ্যাক্রোবেটিক শো ও সার্কাস দেখানো হয়। আমরা নৃত্যকলাকেই প্রাধান্য দিই। ওদের ছোট করছি না। তাদের অনেক মেধাবী ছেলেমেয়ে আছে। তবে আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি, এ দেশেও মেধাবী ছেলেমেয়ে আছে। যারা আসলে নৃত্যকলাই করতে চায়।’ রিয়া বললেন, এটি খুব ভালো উদ্যোগ ছিল। প্রতিযোগীরা তাদের গ্রুমার ওয়াসেক ও ইভানের কথামতো অনুশীলন করেছে। আর আমাদের পাশাপাশি অতিথি বিচারকেরা এসেছিলেন। তাঁদের কাছ থেকে প্রতিযোগীরা তো শিখেছেই, আমরাও অনেক কিছু শিখেছি।’ অনেক সময় আপনাদের কোনো কোনো মন্তব্য বেশ রূঢ় মনে হয়েছে, এতটা কঠোর কি হওয়ার প্রয়োজন ছিল?শিবলী বলেন, ‘উত্তরটা আমি দিই। কেননা আমিই বেশি কঠোর মন্তব্য করেছি। নাচে ওরা ব্যাকরণগত ভুল করলে বা পোশাকটা ঠিকমতো না পরলে সেটি ধরিয়ে দিয়েছি। কঠোরভাবে না বললে ওদের মনে দাগ কাটবে না। দেখবেন, এই ভুল আর কখনো করবে না।’ আগামী ১১ মার্চ ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো ২০১২-এর গ্রান্ড ফিনালে হবে। সেদিনই জানা যাবে কে হবে সেরা। তবে এই তিন বিচারকের চাওয়া, বিজয়ীরা যেন আরও দায়িত্বশীল হয়। আর তাদের এগিয়ে নিতে বাংলাভিশনও যেন পাশে থাকে। যাতে তারা ঝরে না পড়ে।