গ্রাম থিয়েটারের কাউন্সিল ও নাট্যপালা উৎসব

ছয় বছর পর জাতীয় কাউন্সিল ও নাট্যপালা উৎসব করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। আজ শুক্রবার শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে হাজারো প্রতিনিধির অংশগ্রহণে শুরু হয়েছে গ্রাম থিয়েটারের দুই দিনের জাতীয় সম্মেলন। সপ্তমবারের মতো আয়োজিত সম্মেলন ছাড়াও ছিল সংগঠনটির অন্তর্ভুক্ত দলগুলোর অংশগ্রহণে দিন-রাত ব্যাপী সাংস্কৃতিক আয়োজন।
এর আগে চৈত্রের বিকেলে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আলোচক ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও মঞ্চসারথি আতাউর রহমান। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতির পর্ষদ এর আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ। এর আগে স্বাগত বক্তব্য দেন উদযাপন পর্ষদের সদস্যসচিব হুমায়ুন কবীর।
গ্রাম থিয়েটার ‘ও ভাই সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ পরিবেশন করেন শিমুল ইউসুফ। এর পর অতিথি মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশন করেন আবদুল হামিদ সরকার, হাকিম আলী গায়েন থিয়েটার। এর মধ্য দিয়ে শুরু হয় দিন-রাতব্যাপী সাংস্কৃতিক আয়োজন। অবশ্য এর আগে বের করা হয় সম্মেলন শোভাযাত্রা। শহীদ মিনারে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সমাপ্ত হয় শোভাযাত্রাটির।
শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে সন্ধ্যার পর ফানুস ওড়ানো হয়। এরপর প্রথমেই উৎসব মঞ্চে আসে মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার। তারা পরিবেশন করে পুতুল নাচ। ধুয়া গান পরিবেশন করে সিরাজগঞ্জের পূরবী থিয়েটার। কুষাণ পালা পরিবেশন করে লালমনিরহাটের কৃপা সুন্দর। সাদা পাগলার গান পরিবেশন করে পার্বতীপুরের তিলাই লোক থিয়েটার। সং পালা পরিবেশন করে মহাদেব সং যাত্রার দল। গম্ভীরা পরিবেশন করে আদি গম্ভীরা দল। লালন সংগীত পরিবেশন করেন শাহবুল ইসলাম। ধ্রুপদ সংগীত পরিবেশন করেন শিমুল ইউসুফ। সাঁওতাল গান ও নৃত্য পরিবেশন করেন দিনাজপুরের মহেশপুর আদিবাসী সাংস্কৃতিক সংগঠন। দেশের গান পরিবেশন করে ছায়ানট।
বিরামহীন অনুষ্ঠানমালা আগামীকাল শনিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে।