গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন উপস্থাপনায় নাফিসা ঝুমুর

র্যাম্পের মঞ্চে হেঁটেছেন, করেছেন মডেলিং; বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। এবার উপস্থাপনায় নাম লেখালেন নাফিসা ঝুমুর। গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫ নামের রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন এই মডেল ও অভিনেত্রী। আজ চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব।
এরই মধ্যে রিয়েলিটি শোটির দৃশ্যধারণের কাজ শেষ। উপস্থাপনার অভিজ্ঞতা জানিয়ে ঝুমুর বললেন, ‘টানা ১০ দিন শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা। এর আগে আমি কখনো কোনো অনুষ্ঠান উপস্থাপনা করিনি। রিয়েলিটি শো তো নয়ই। শুরুতে একটু ভয়েই ছিলাম। পরে সবার সহযোগিতায় কাজটি শেষ করতে পেরেছি।’
ঝুমুর বললেন, ‘এখন থেকে নিয়মিত উপস্থাপনা করার ইচ্ছে আছে।’ ঝুমুরের সঙ্গে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অর্ণব খান।
ঝুমুর আরও জানান, ৯ টি স্কুলের ছেলে মেয়েরা অংশ নিয়েছে আই-জেন এর চূড়ান্ত প্রতিযোগিতায়। এখানে ইন্টারনেটের সাহায্য নিয়ে সব প্রতিযোগীকে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়েছে।
উল্লেখ্য, গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের প্রথম ধাপে সারা দেশে ২০০০ হাজার স্কুলে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছে ৯টি আঞ্চলিক সেরা দল।