চঞ্চল চৌধুরী, খবর কী?এখন তো আমার সব খবর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছবিকে ঘিরে। যত আশা, উন্মাদনা, প্রস্তুতি—সবই। ছবির প্রচারণা নিয়ে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ছবিতে আমি অভিনয় করেছি। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। দেখবেন কিন্তু। অবশ্যই দেখব। শনিবার রাতে ‘হাড়কিপ্টে’র শেষ পর্ব দেখলাম।শেষ পর্বটি খুব গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষার প্রয়োজনের দিকটি তুলে ধরা হয়েছে। শিক্ষার অভাবে পরিবারটি মুহূর্তে নিঃস্ব হয়ে যায়। আজ আপনার অভিনীত ‘বাঘা-শের’ ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচারিত হবে।হাড়কিপ্টে ছিল পাশাপাশি দুই কঞ্জুস বন্ধুর গল্প। বাঘা-শের হলো একই গ্রামের দুই পরিবারের দ্বন্দ্ব আর প্রতিযোগিতা নিয়ে। এখানে আমি চাই শান্তি প্রতিষ্ঠা করতে। আমাদের চারপাশে অশান্তি করার মানুষের অভাব নেই। কিন্তু যাঁরা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তাঁরা সংখ্যালঘু। এখন আঞ্চলিক ভাষার নাটক বেশি হচ্ছে। ‘বাঘা-শের’ নাটকের সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়েছে?পাবনার। গ্রামের নাটক তৈরির ক্ষেত্রে যে অঞ্চলের ভাষা সবাই বুঝতে পারে, নির্মাতারা সেই ভাষাই বেশি ব্যবহার করেন। প্রায় সব নাটকেই দেখছি গ্রামের চরিত্রগুলোকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়।যাঁরা নাটকটি নির্মাণ করছেন, এটা তাঁদের সমস্যা। গ্রামের মানুষ কিন্তু হাসির পাত্র নয়। গ্রামের মানুষগুলো এখনো সহজ-সরল। একজনের বিপদে অন্যজন মুহূর্তেই পাশে এসে দাঁড়ায়। আর গ্রামের প্রতি শহুরে মানুষের ভালোবাসা রয়ে গেছে। আমি তো শহর ও গ্রামের গল্পের নাটকে অভিনয় করেছি। একটা ব্যাপার দেখেছি, গ্রামের গল্পের নাটকগুলোই কিন্তু দর্শক বেশি দেখছেন।এখন যে কাজগুলো হচ্ছে, সেগুলো আপনার কেমন মনে হচ্ছে?দেখুন, আমি কাজ করি দুটি উদ্দেশ্যে—অর্থনৈতিক কারণে, আর সবাইকে বিনোদন দেওয়ার জন্য। আমি নিজে কাজ করার সময় এই দুটি দিককেই বেশি গুরুত্ব দিই।