গ্রিনরুমে তারকাদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিনরুমে মহড়ায় ব্যস্ত জলের গানের সদস্যরা
গ্রিনরুমে মহড়ায় ব্যস্ত জলের গানের সদস্যরা

মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানের এবারের আসরে পুরস্কার দেওয়া-নেওয়া আর নানা যজ্ঞের পাশাপাশি গ্রিনরুমে বসেছিল তারকাদের মিলনমেলা। গ্রিনরুমে প্রবেশ করতেই চোখে পড়ল তারকারা অনুষ্ঠানের মহড়া নিয়ে অনেক ব্যস্ত। মহড়ার ফাঁকে ফাঁকে তাঁরা অনেক মজাও করছেন।

মহড়ার মাঝে অভিনেতা অপূর্ব হঠাত্ করেই ইমনকে বললেন, ‘ইমন, আমি তো গানের কথা ভুলে যাচ্ছি, এখন কী হবে?’ তখন অপূর্বের কানে-কানে ইমন কী যেন বললেন। সঙ্গে সঙ্গে অপূর্বের মুখে একটু হাসির রেখা দেখা গেল। তাঁর এই মিষ্টি হাসির কারণ জানতে চাইলে বললেন, ‘ইমন আমাকে চুরিবিদ্যা শিখিয়ে দিল। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আসলে গানের সঙ্গে ঠোঁট মেলানোর সময় ফাঁকি দেওয়া খুব কঠিন। এ জন্যই বারবার মহড়া দিচ্ছি। দেখা যাক কী হয়!’

কিছুক্ষণ পর ইমন বন্ধুর জন্য কোমল পানীয় নিয়ে এলেন। খুব আস্তে করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনাদের মাঝে তো দেখছি অনেক মিল! অপূর্ব মজা করে বললেন, ‘মিল তো আছেই। আমরা দুজনই অভিনেতা। আরেকটা বিশেষ মিল আছে। আমরা দুজনই বাংলাদেশি।’ আর অমিল? অপূর্বের সোজা-সাপ্টা জবাব, ‘আমাদের দুজনের নাম আলাদা। আমি অপূর্ব আর ও ইমন।’ অপূর্বের কথা শুনে ইমন একটু মজা পেলেন। বললেন, ‘আমাদের আরেকটা অমিল আছে। আমি থাকি বসুন্ধরায়, আর অপূর্ব থাকে উত্তরায়।’ মজা করার পর্ব শেষ করে নিজেদের ভালো লাগার কথা জানালেন অপূর্ব ও ইমন। অপূর্ব বললেন, ‘আজ ঈদের মতো আনন্দ লাগছে। আমরা তো এক পরিবারের মতোই। সব সময় তো দেখা হয় না। তাই সবাইকে একসঙ্গে এক জায়গায় পেয়ে অনেক ভালো লাগছে।’

মেহজাবিনকে (ডানে) সঙ্গে নিয়ে সেলফি তুললেন মৌসুমী হামিদ
মেহজাবিনকে (ডানে) সঙ্গে নিয়ে সেলফি তুললেন মৌসুমী হামিদ



একটু পর গ্রিনরুমে ঢুকলেন মডেল ও অভিনেতা নিশো। ঢুকেই অপূর্বকে বললেন, ‘দেখো তো আমার পায়ের জুতাটা ঠিক আছে কি না!’ অপূর্ব জুতা দেখে বললেন, ‘না, সাদা জুতা এই পোশাকের সঙ্গে মানাবে না। তুমি লাল রঙের জুতা পরো।’ নিশো বাধ্য ছেলের মতো লাল রঙের জুতা পরে অপূর্বকে আবার বললেন, ‘দেখো তো এখন ঠিক আছে কি না।’ অপূর্ব মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললেন।

একটু নার্ভাস কি না—জানতে চাইলে

মেকআপ ঠিকঠাক আছে কি না আয়নায় তা দেখে নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস
মেকআপ ঠিকঠাক আছে কি না আয়নায় তা দেখে নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস

নিশোর জবাব, ‘আসলেই একটু নার্ভাস লাগছে। কারণ আমাদের তো নাচের কাজ খুব একটা করতে হয় না। তাই সব সময় একটা গা-ছাড়া ভাব থাকে। তবে ভালোই লাগছে অনেকদিন পর স্টেজে পারফর্ম করছি। এতে একটা সুবিধা হবে। আলস্য দূর হবে। বলতে পারেন একটা রিস্টার্ট হয়ে গেল। আর এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে, ভাবের আদান-প্রদান করছি। সব মিলিয়ে খুব ভালো লাগছে।’

কিছুক্ষণ পর দেখা গেল মৌসুমী হামিদ পোশাক নিয়ে একটু বিড়ম্বনায় আছেন। কাছে যেতেই তিনি বললেন, ‘একটু পরেই নাচ আছে। কিন্তু এখনো আমার পোশাক ঠিক হয়নি।’ সঙ্গে সঙ্গে তার একজন সাহায্যকারী এসে পোশাকের সমস্যাগুলো ঠিক করে দিলেন। এবারে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন মৌসুমী। খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার সত্যিই অনেক বড় একটা প্লাটফর্ম। সবার সঙ্গে এখানে দেখা করার সুযোগ পাই। এটাকে একধরনের পুনর্মিলনী অনুষ্ঠান বলেই মনে হয় আমার কাছে। সত্যি এটা অনেক ভালো লাগে।’


গ্রিনরুমের আরেকটু ভেতরে ঢুকতেই চোখে পড়ল দুজন নৃত্যশিল্পীর প্রতি, আনন্দিতা আর আবির। তাঁরা জলের গানের সঙ্গে নাচের অনুশীলন করছিলেন। ঠিক তখনই দেখা গেল গ্রিনরুমের এক কোনায় বিশ্রাম নিচ্ছেন ফেরদৌস ও মেহজাবিন। ফেরদৌস চা-পান করছেন। পাশে বসে আছেন মেহজাবিন। ফেরদৌস বললেন, ‘অনেক উত্সবমুখর পরিবেশ। এ দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। অনেক ভালো লাগার একটি অনুষ্ঠান।’ মেহজাবিনও বললেন, ‘আমার অনেক ভালো লাগছে। এখানে আমন্ত্রিত হতে পেরে আমি সত্যিই অনেক গর্বিত।’
কিছুক্ষণ পর ঘরময় চুলে জড়ানো তাজা বেলি ফুলের সুবাস ছড়িয়ে এলেন মম। কথা প্রসঙ্গে বললেন, ‘এটা আমার পরিবারের মতোই। আমার খুবই আনন্দ লাগছে।’

এরপর কথা হলো শহীদুল আলম সাচ্চুর সঙ্গে। তিনি বললেন, ‘গ্রিনরুম মানেই অপেক্ষা। কিছুক্ষণ পরই পারফরম্যান্স আছে। আর মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান তো সব সময় ভালো লাগে। এখনো লাগছে।’

গ্রিনরুমে ছিলেন শাকিব খানও। কাছে গিয়ে অনুভূতি জানতে চাইলে হাসিমুখে বললেন, ‘আমার অনেক অনেক ভালো লাগছে।’ সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে আলাপ জমাতে শুরু করলেন অন্য সব তারকা। গ্রিনরুমে তারকাদের মিলনমেলা এভাবেই জমে উঠতে লাগল।