গ্রীষ্ম রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল


মঞ্জু ও বাবুল খেতে কাজ করছিল। একটু দূরেই গাছের ছায়ায় বসে আরাম করছিল সগীর।
মঞ্জু বলল বাবুলকে, ‘এই কড়া রোদে আমরা কাজ করছি। আর ওই ব্যাটা আয়েশ করে বসে আছে কেন?’
বাবুল বলল, ‘তাই তো! দাঁড়া, গিয়ে জিজ্ঞেস করে আসি।’
বাবুল গেল সগীরের কাছে, ‘এই যে নবাব! আমরা কাজ করছি, আর আপনি হাত-পা গুটিয়ে বসে আছেন কেন?’
সগীর হাসে। বলে, ‘কারণ, আমি বুদ্ধিমান।’
‘কীভাবে?’ বাবুলের প্রশ্ন।
‘দাঁড়া, দেখাচ্ছি।’ সগীর তাঁর এক হাত একটা বড় পাথরের সামনে ধরে বলে, ‘আমার হাতে জোরে একটা ঘুষি মার তো দেখি।’
বাবুল যেই ঘুষি মারতে গেছে, অমনি সগীর হাত সরিয়ে ফেলে। ঘুষি লাগে পাথরের গায়ে। ব্যথায় ককিয়ে ওঠে বাবুল।
সগীর হো হো করে হেসে ওঠে, ‘দেখলি তো, তোকে কেমন বোকা বানালাম। একেই বলে বুদ্ধি।’
মন খারাপ করে বাবুল যায় মঞ্জুর কাছে। মাথা নিচু করে বলে, ‘ও বসে আছে। কারণ ও বুদ্ধিমান।’
‘কেমন বুদ্ধি?’ এবার মঞ্জুর জিজ্ঞাসা।
বাবুলের চোখ আনন্দে ঝলমল করে ওঠে। হাসিমুখে সে বলে, ‘দেখতে চাস?’ নিজের নাকের কাছে হাত রেখে সে বলে, ‘আমার হাতে একটা জোরে ঘুষি মার তো দেখি...!’


গ্রীষ্মের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে বনভোজনে গেছেন শফিক সাহেব। হঠাৎ জানা গেল, তাঁর ছোট ছেলে মন্টিকে কোথাও পাওয়া যাচ্ছে না। চারদিকে খোঁজ খোঁজ রব, ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল সবাই।
খানিক বাদে মন্টিকে পাওয়া গেল একটু দূরে একটা ঘন জঙ্গলের মধ্যে। ধমক দিয়ে বললেন মন্টির মা, ‘পাজি ছেলে! কাউকে না বলে চলে এসেছ কেন? কোথায় যাচ্ছ, সেটা অন্তত বলে যাবে। বুঝেছ?’
‘ওকে। ডিজনিল্যান্ড।’ বলেই উল্টো দিকে হাঁটা ধরল মন্টি।


হাবলু ভীষণ অলস। একদিন ঘটনাক্রমে সে একটা জাদুর প্রদীপ পেল। প্রদীপ ঘষতেই হাজির হলো দৈত্য। দৈত্য বলল, ‘আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করব। ঝটপট বলো।’
হাবলু বলল, ‘আমি একটা পোষা ঘোড়া, একজন কুস্তিগীর আর একটা পিপড়া চাই।’
দৈত্য: ঘোড়া কেন?
হাবলু: বাইরে একে তো প্রচণ্ড রোদ, তার ওপর যানজট। আমি ঘোড়ার পিঠে চড়ে এক ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই।
দৈত্য: কুস্তিগীর দিয়ে কী হবে?
হাবলু: কুস্তিগীর আমাকে ঘোড়ার পিঠে তুলে দেবে।
দৈত্য: তা তো বুঝলাম। কিন্তু পিঁপড়া কেন?
হাবলু: ঘোড়া কি কষ্ট করে আমি ছোটাব নাকি? পিঁপড়া কামড় দেবে আর ঘোড়া ছুটবে!


গ্রীষ্মের ছুটিতে কটা দিন নিরিবিলিতে কাটাবেন বলে বনের ভেতর একটা হোটেলে উঠলেন সরদারজি। দেখা গেল, দুদিন হোটেলে থেকেই বাক্সপেটরা নিয়ে বাড়ির পথ ধরেছেন তিনি।
ছুটে এল হোটেল ম্যানেজার, ‘স্যার, আপনার তো এক সপ্তাহ থাকার কথা। আগেই চলে যাচ্ছেন যে? আমাদের আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো?’
খেঁকিয়ে উঠলেন সরদারজি, ‘ধুত্তোরি! এটা কোনো হোটেল হলো? বনের ভেতর কোথায় আপনারা একটু নিরিবিলিতে থাকার ব্যবস্থা করবেন, তা না। ভোর সকালে পাশের ঘরের লোকটা এত জোরে টিভি চালিয়ে রাখে, যে আমার হারমোনিয়ামের শব্দ আমি নিজেই শুনতে পাই না।
সংগ্রহ: মো. সাইফুল্লাহ