
চলতি গ্রীষ্মে হলিউডে একের পর এক ছায়াছবি যখন দর্শক-সমালোচকদের হতাশ করেছে, তখন স্টার ট্রেক বিয়ন্ড-এর আবির্ভাব যেন এক মরূদ্যানের মতো। প্যারামাউন্টের এই নতুন ছবি গত সপ্তাহে মুক্তি পাওয়ার পরপরই বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিত দিয়েছে। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এ চলচ্চিত্রের আয় গত রোববার পর্যন্ত ৫ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যায়।
স্টার ট্রেক-এর বয়স অর্ধশতকের বেশি। ১৯৬৬ সালে একটি টেলিভিশন সিরিজ হিসেবে যাত্রা শুরু করে এই বিজ্ঞান কল্পকাহিনি। সাইমন পেগ ও ডুগ জাংয়ের চিত্রনাট্যে এবারের পর্বটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। অভিনয় করেছেন ক্রিস পাইন, জ্যাকারি কুইন্টো, কার্ল আরবান, জো সালদানা, সাইমন পেগ, জন চো, আন্তন ইয়েলচিন, ইদ্রিস অ্যালবা ও সোফিয়া বুতেলা।

কী আছে এ ছবিতে? দূর মহাকাশের অজানা গ্রহ-নক্ষত্রে মানুষের অভিযান? আর তারা সেখানকার অচেনা অধিবাসীদের সঙ্গে জড়ায় একের পর এক মহাজাগতিক লড়াইয়ে? হ্যাঁ, স্টার ট্রেক বিয়ন্ড-এর কাহিনিও অনেকটা এ রকমই। তবে ঘটনার বিন্যাস আর চরিত্রগুলোর সম্পর্কের ব্যতিক্রমী উপস্থাপনার কারণে এবারের ছবিটা একঘেয়ে নয় মোটেও, বরং টান টান উত্তেজনায় পরিপূর্ণ। কাহিনিতে দেখা যায়, ইউএসএস এন্টারপ্রাইজের একটি নভোযান ঘটনাচক্রে এক বৈরী গ্রহে অবতরণ করে। সেখানে খলনায়ক ক্র্যালের কবল থেকে রেহাই পেতে এই পৃথিবীর অভিযাত্রীদের একটা না একটা পথ খুঁজে বের করতেই হবে। শুরু হয় তাদের অদম্য প্রয়াস।
‘স্টার ট্রেক’ সিরিজের ২০০৯ সালের ছবিটির গল্পের গাঁথুনি জোরালো ছিল। আর ২০১৩ সালের ইনটু দ্য ডার্কনেস-এর খলনায়ক চরিত্রটির ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। আর স্টার ট্রেক বিয়ন্ড-এর চরিত্রগুলোর মধ্যকার সম্পর্কটা বেশি সুন্দরভাবে দর্শক টানবে বলে আশা করছেন নির্মাতা ও কলাকুশলীরা। এ ছবিতে আরও আছে শ্বাসরুদ্ধকর অ্যাকশন-দৃশ্য আর ত্রিমাত্রিক প্রযুক্তির দারুণ ব্যবহার। সব মিলিয়ে পরিপূর্ণ বিনোদনের আয়োজন।
ক্র্যাল ও তার বাহিনী এ ছবিতে মানবকুলের প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইদ্রিস অ্যালবার নৈপুণ্য মন কাড়বে সবার। এ ছবির গল্প ইতিবাচক, আঁধার কাটিয়ে দেওয়ার মতো। তাই এটা চলতি বছরের অনন্য ছবির মর্যাদা পাওয়ার অন্যতম দাবিদার হতেই পারে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন স্থানে মুক্তি পেয়েছে স্টার ট্রেক বিয়ন্ড। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্টের উপপ্রধান রব মুর বলেছেন, ‘স্টার ট্রেক একটা ব্র্যান্ড। সারা বিশ্বে এর শক্তিশালী চাহিদা রয়েছে। সে জন্যই আমরা ছবিটা দেখাচ্ছি।’
এ প্রসঙ্গে মার্কিন গণমাধ্যম বিশ্লেষক পল ডারগারাবেডিয়ান আরও এক ধাপ এগিয়ে। তাঁর ভাষ্য, স্টার ট্রেকের চরিত্রগুলো এমন অনুভূতি ছড়িয়ে দেয় যে আপনি কে বা কোথায় অবস্থান করছেন, সেটা কোনো ব্যাপারই নয়। তাই সাবটাইটেল দিয়ে বা ছবির ডাবিং সংস্করণও বিশ্বজুড়ে দর্শকদের আকৃষ্ট করছে। তবে বাংলাদেশে আগামীকাল শুক্রবার থেকেই ছবিটির ইংরেজি সংস্করণের প্রদর্শনী শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয়েছে এক জমকালো উদ্বোধনী প্রদর্শনীরও। কাল থেকে এই মাল্টিপ্লেক্সেই হলিউডের বক্স অফিস কাঁপানো এ ছবির প্রদর্শনী শুরু হবে।
আশিস আচার্য
এএফপি, মুভি ইনসাইডার ও ভ্যারাইটি অবলম্বনে