গ্রুপ থিয়েটার দিবস উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল বেদিতে, চারপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা নাট্যকর্মীদের হাতে হাতে মোমবাতি। একটি থেকে অন্যটি হয়ে মোমের আলো ছড়িয়ে পড়ে হাতে হাতে। সঙ্গে মিলিত কণ্ঠের গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আলোকশিখা জ্বালানোর আয়োজন করে। ১৯৮০ সালের ২৯ নভেম্বর সারা দেশের নাট্যকর্মীদের সমাজ ও শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে নাটকের সামগ্রিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনেই গঠিত হয়েছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। দিনটি নাট্যকর্মীদের কাছে গ্রুপ থিয়েটার দিবস হিসেবে স্বীকৃত। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী, গোলাম কুদ্দুছ, শিমুল ইউসুফ, লাকী ইনাম প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে ছিল একক সংগীত, পুঁথি পাঠ, কাওয়ালি, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। ‘মুনীর চৌধুরী সম্মাননা পদক’ ও ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ প্রদান এ বছর ‘মুনীর চৌধুরী সম্মাননা পদক’ পেয়েছে আরণ্যক নাট্যদল। গতকাল নাট্যসংগঠন ‘থিয়েটার’ এ সম্মাননা দেয়। একই অনুষ্ঠানে ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ দেওয়া হয় তরুণ নাট্যকর্মী সুদীপ চক্রবর্তীকে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুনীর চৌধুরীর একাঙ্কিকা ‘মিলিটারী’ মঞ্চস্থ হয়।