গ্রুপ থিয়েটার দিবস উদ্যাপন

নানা আয়োজনে গতকাল উদ্যাপিত হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস। বিকেলে বেইলি রোডের গার্ল গাইডসের সামনে নাট্যকর্মীরা সমবেত হয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। এটি বিভিন্ন সড়ক ঘুরে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত আয়োজনে শুভেচ্ছা বক্তব্য, আলোচনার পাশাপাশি ছিল জাগরণের নাট্য প্রদর্শনী ও নৃত্যানুষ্ঠান। ফেডারেশনের ৩৩ বছর পূর্তিতে সাংস্কৃতিক ও জাতীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যেসব সাবেক চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেলরা, সম্মানিত অতিথি হিসেবে তাঁরা আলোচনায় অংশ নেন। আলোচনা করেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, ম. হামিদ, দেবপ্রসাদ দেবনাথ। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
অনুষ্ঠানে ট্রাইব্যুনাল শিরোনামের নাটক পরিবেশন করে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। সবশেষে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড।