গ্রুপ থিয়েটার ফেডারেশনের দ্বিবার্ষিক-সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: প্রথম আলো
বেলুন উড়িয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: প্রথম আলো

‘মানবের দেশে আমার, দানব নাহি রবে’ স্লোগান নিয়ে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে শুরু হয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম দ্বিবার্ষিক সম্মেলন। সকালে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, প্রাবন্ধিক মফিদুল হক, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।
আরেফিন সিদ্দিক বলেন, ‘আজ যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তারা আমাদেরই আত্মীয়স্বজন। তারা কেন জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তার কারণ খুঁজে বের করা মুশকিল। এটি তাদের ভেতরে ক্যানসারের মতো ছড়িয়ে গেছে।’ মফিদুল হক বলেন, ‘সন্ত্রাস, সহিংসতা, বিমানবিকীকরণ চলছে দেশে দেশে। সারা পৃথিবীতে যখন হিংসার মতাদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন শিল্প-সাহিত্যের মাধ্যমেই আমরা মানবিকতার বিকাশ ঘটাতে পারি। মঞ্চনাটক হতে পারে এর প্রধানতম অনুষঙ্গ।’ আতাউর রহমান বলেন, ‘আমরা এখনো নাটককে পেশাদার রূপ দিতে পারিনি। সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলব, যেন বাজেটে নাট্যচর্চার জন্যও যেন একটি থোক বরাদ্দ রাখা হয়।’ লিয়াকত আলী বলেন, ‘২০১২ সালে নাট্যচর্চাকে পেশাভিত্তিক চর্চায় রূপ দিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা গিয়েছিল। কিন্তু তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবার এই দাবিকে আমরা আন্দোলনে রূপ দেব।’

সকালে সম্মেলনের উদ্বোধনীতে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সকালে সম্মেলনের উদ্বোধনীতে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

দুই দিনের এ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধিরা। কাল শনিবার তাঁদের নিয়ে গাজীপুর, হোতাপাড়া খতিব বাড়িতে অনুষ্ঠিত হবে দিনব্যাপী থিয়েটার ক্যাম্প।