রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক পূর্তি উৎসবে এ ঘোষণা দেওয়া হয়। ফেডারেশনের এই কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতাউর রহমান, ঝুনা চৌধুরী ও লিয়াকত আলী লাকি। আতাউর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের নানাভাবে ভাবায় এবং ভাবতে শেখায়। তাঁর সৃষ্টিগুলো অনুধাবন করার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে স্ফুরণ ঘটে, তা কখনো কখনো দার্শনিক মাত্রার রূপ লাভ করে।’ ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের রাজা অবলম্বনে প্রাচ্যনাট্যের নাটক রাজা এবং অন্যান্য।বছরব্যাপী এই কর্মসূচি পালিত হবে ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগে। জানা গেছে, প্রতিটি বিভাগীয় সম্মেলনে রবীন্দ্রনাথের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এখানে বক্তব্য রাখবেন রবীন্দ্র বিশ্লেষকেরা। নাটকের পাশাপাশি থাকবে রবীন্দ্রসংগীতও। নাটকগুলো মঞ্চস্থ হবে বিভাগীয় মিলনায়তনে। ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় বিভাগীয় মেয়র নাট্যোৎসবে একটি করে রবীন্দ্রনাথের নাটক প্রদর্শনীরও সিদ্ধান্ত নেওয়া হয়। বছরব্যাপী আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘শুধু সাহিত্য নয়, অর্থনীতি, কৃষি, রাজনীতি—সব ক্ষেত্রেই আমরা রবীন্দ্রনাথকে পাই। এই কর্মসূচির মধ্য দিয়ে এমন মানুষটির ভাবনা, সৃষ্টিকর্মের সঙ্গে নাট্যকর্মী ও দর্শকেরও একটা সংযোগ ঘটবে। এসব কর্মসূচি ছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তবে সবকিছু নির্ভর করছে যথাযথ পৃষ্ঠপোষকতার ওপর।’