গ্র্যাভিটি পরিচালক কোয়েরন যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড নির্মাতা ক্লিন্ট ইস্টউডের পর ৭০তম কান চলচ্চিত্র উৎসবে আরেকটি মাস্টারক্লাস আয়োজিত হয় গত বুধবার। এবারের মাস্টারক্লাসটি মেক্সিকান নির্মাতা আলফোন্সো কোয়েরনের। ‘ই তু মামা তাম্বিয়ান’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’, ‘চিলড্রেন অব ম্যান’, ‘গ্র্যাভিটি’ ছবিগুলোর জন্য বিখ্যাত অস্কারজয়ী এ নির্মাতা।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া কোয়েরন যখন বড় হচ্ছিলেন, তখন মেক্সিকান ছবির স্বর্ণযুগ শেষ হয়ে গেছে। কিন্তু তবু কোয়েরন ক্যারিয়ার হিসেবে চলচ্চিত্রকে বেছে নিলেন। এটা ছাড়া বাঁচার কথা ভাবতে পারতেন না তিনি।
মেক্সিকোতে ছবি বানানো শুরু করে একসময় হলিউডে চলে আসেন। না, এ আসায় খুব একটা ইচ্ছা ছিল না। টাকার প্রয়োজনেই মেক্সিকো ছাড়তে বাধ্য হন কোয়েরন।
মাস্টারক্লাসে ফরাসি চলচ্চিত্র সমালোচক মিশেল সিমোর আলাপে বসেছিলেন আলফোন্সো কোয়েরন। বললেন, ‘বাবা হিসেবে সন্তানের ভরণপোষণের জন্যই আমাকে মেক্সিকো ছাড়তে হয়েছিল। মেক্সিকোতে থেকে আর্থিক সাহায্য পাওয়ার আর কোনো উপায় ছিল না। তাই হলিউডে ডাক পেয়েই চলে আসি।’
কিন্তু হলিউডে দুটি ছবি ‘আ লিটল প্রিন্সেস’ ও ‘গ্রেট এক্সপেক্টেশন’ করেই কোয়েরন বুঝে গিয়েছিলেন, হলিউড তাঁকে আর চায় না। তখন যেসব ছবি দেখে তিনি ছবি করতে উদ্বুদ্ধ হয়েছিলেন, সেগুলো আবার দেখতে শুরু করলেন। কোয়েরন বলেন, ‘ই তু মামা তাম্বিয়ান’ বানিয়েই তিনি নিজেকে ও তাঁর দেশ মেক্সিকোকে আবার খুঁজে পান, পুনরাবিষ্কার করেন।
আরেক মেক্সিকান নির্মাতা গিয়েরমো দেল তোরো সম্পর্কেও বললেন আলফোন্সো কোয়েরন। যখন পরিচয় হয়, তখন তাঁরা একই ছবিতে কাজ করছিলেন। দেল তোরোকে সবাই প্রতিভাবান বলত বলে একটু হিংসাও হতো কোয়েরনের। একসময় তাঁরা ভালোভাবে মিশতে শুরু করেন, একসঙ্গে কাজও করেন।
এই গিয়েরমো দেল তোরোর পরামর্শেই ‘হ্যারি পটার’ সিরিজের তৃতীয় কিস্তিটি পরিচালনা করেন। প্রথম কিস্তিটি দেখে ভালো লাগেনি কোয়েরনের। তাই একটু দ্বিধা ছিল। দেল তোরোর পরামর্শে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ পরিচালনার পর এখন অনেকেই বলেন, এটাই সেরা ‘হ্যারি পটার’ ছবি। ‘হ্যারি পটার’ ড্যানিয়েল র‍্যাডক্লিফও এ ব্যাপারে একমত।
২০১৩ সালে কোয়েরন বানান ‘গ্র্যাভিটি’ ছবিটি। সান্ড্রা বুলক, জর্জ ক্লুনি অভিনীত ছবিটি সাতটি অস্কার জিতে নেয়। এর মধ্যে কোয়েরনের ঘরেই যায় সেরা নির্মাতা ও সেরা সম্পাদকের দুটি অস্কার। কোয়েরন বলেন, এই ছবিটি করতে গিয়ে তাঁর মনে হয়েছে, এত দিনে পরিচালক হওয়ার জ্ঞান ও নির্ভরতা তৈরি হয়েছে তাঁর মধ্যে। এখন তিনি যেভাবে ছবি বানাতে চান, সেভাবেই ছবিটি বানাতে পারেন।