গ্র্যামি অ্যাওয়ার্ডের গরম আলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্স
বিয়ন্স

সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি? এক শব্দেই উত্তরটা বলে দেওয়া যায়, গ্র্যামি! বিশ্বের প্রতিটি সংগীত তারকার জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়াটা হচ্ছে সোনার হরিণের মতো দামি। এই কয়েক দিন আগেই জানা গেছে গ্র্যামির এবারের অর্থাৎ ৫৯তম আসরের মনোনীত ব্যক্তিদের নাম।
‘কুইন বি’ বলে পরিচিত বিয়ন্স রানির মতোই এগিয়ে আছেন সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে। নতুন অ্যালবাম লেমোনেড দিয়ে বছর মাত করেছেন, গ্র্যামিতেও সবচেয়ে সম্মানজনক তিনটি বিভাগ ‘সং অব দ্য ইয়ার’, ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’সহ দখলে নিয়েছেন নয়টি মনোনয়ন। বিয়ন্সের সঙ্গে চার বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরে আসা অ্যাডেলেও এই তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। তাঁর মোট মনোনয়নের সংখ্যা পাঁচটি। কানিয়া ওয়েস্ট, রিহানা ও ড্রেকও এগিয়ে আছেন এই দৌড়ে, তিনজনেই পেয়েছেন আটটি করে মনোনয়ন।
চান্স দ্য র্যা পার প্রথম স্ট্রিমিং অনলি অ্যালবাম কালারিং বুক দিয়ে বিলবোর্ডের সেরার তালিকায় জায়গা করে নিয়েছিলেন, এবার গ্র্যামিতে সাতটি মনোনয়নও পেয়েছেন পাঁচটি বিভাগে। আরও যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্যে আছেন ডেভিড বাউই, অ্যামি শুমার, জাস্টিন বিবার, লুকাস গ্রাহাম, মাইক পজনার, ডেমি লোভাটো, সিয়া, সিন পল। নেটফ্লিক্স-এ বের হওয়া এ বছরের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-ও আবহ সংগীতের জন্য পেয়েছে দুটি মনোনয়ন।
এবার আসর বসবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের স্টেপলস সেন্টারে। উপস্থাপনা করবেন যুক্তরাষ্ট্রের টিভি অনুষ্ঠান ‘দ্য লেট লেট শো’র উপস্থাপক, কমেডিয়ান জেমস করডেন।
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বাংলাদেশিদের জন্যও একটু বিশেষ অর্থ বহন করে, কারণ এবার আসরে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের তরুণ মিউজিক কম্পোজার জায়েদ হাসান। নিজের গান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার জন্য জমা দিয়ে একজন অংশগ্রহণকারী হিসেবে তিনি পেয়েছেন গ্র্যামির নিমন্ত্রণ। গত বছরের অক্টোবরে বাংলাদেশের জায়েদ গিয়েছিলেন বিশ্বখ্যাত গানের দল লিনকিন পার্কের যুক্তরাষ্ট্রে অবস্থিত রেডবুল স্টুডিওতে। সেই যাত্রার পর তিনি যাচ্ছেন গ্র্যামিতে।
যাঁরা এবারের আসরের আরও বিস্তারিত জানতে চান, তাঁরা চাইলে ঢুঁ মারতে পারেন গ্র্যামির ওয়েবসাইটে।
নাজিয়া শারমিন
টাইম, ভক্স, গ্র্যামি অবলম্বনে