গ্র্যামিতে ড্যাফট পাঙ্কের জয়

তাঁরা অদ্ভুত। অদ্ভুত তাঁদের বেশভূষা। মাথা পুরো রোবট হেলমেটে ঢেকে রেখে পারফরম্যান্স করেন। ভক্তরা তাঁদের আসল চেহারা দেখেনি এখনো। অদ্ভুত তাঁদের ‘ইলেকট্রনিক’ সংগীতও। সেই ড্যাফট পাঙ্ক জুটি এবারের গ্র্যামি মাতিয়ে দিয়েছে। বর্ষসেরা অ্যালবাম ও রেকর্ডসহ পাঁচটি পুরস্কার জিতেছে। হিপ-হপ জুটি ম্যাকলেমর ও রায়ান লুইস জুটি জিতছে চারটি বিভাগে—সেরা নতুন শিল্পী, সেরা র্যাপ অ্যালবাম, সেরা গান ও সেরা পারফরম্যান্স। গান নিয়ে আয়োজিত ৫৬তম গ্র্যামি পুরস্কার অনুষ্ঠান হয়ে গেল গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নোকিয়া থিয়েটারে।
তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন জাস্টিন টিম্বারলেক। নিউজিল্যান্ডের ১৭ বছর বয়সী গায়িকা লর্ডে জিতেছে দুটো বিভাগে। এখনো বিটলসের স্মৃতিতে কাতর ভক্তদের জন্যও একটা সুখবর আছে। পুরোনো বন্ধু রিগোং স্টারকে নিয়ে গান বানিয়ে দুটো বিভাগে পুরস্কার জিতেছেন স্যার পল ম্যাকার্টনি।
জে-জি এবং তাঁর স্ত্রী বিয়ন্সকে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জে-জি নিজে এবার সর্বোচ্চ নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দুটো বিভাগে শিকে ছিঁড়েছে তাঁর। এদিন ম্যাডোনা ম্যাকলেমোর-লুইস জুটির সঙ্গে জুটি বেঁধে পরিবেশন করেন ‘সেম লাভ’। পিয়ানিস্ট ল্যাং ল্যাংয়ের সঙ্গে পারফর্ম করে মেটালিকা। নিল রজার্স, ফেরেল উইলিয়ামস, ড্যাফট পাঙ্কেরা স্টিভি ওয়ান্ডারের সঙ্গে মিলে পারফর্ম করেন সেরা গানের স্বীকৃতি পাওয়া ‘গেট লাকি’।
২০১৩ সালের অন্যতম এই হিট গানটির জন্যই সেরা পপ জুটি/দলীয় পারফরম্যান্স বিভাগেও পুরস্কার জিতেছে। তাদের বাকি দুটো পুরস্কার এসেছে র্যানডম অ্যাকসেস মেমোরি অ্যালবামের বদৌলতে। ড্যাফট পাঙ্ক নামের আড়ালে আছেন তোমা বঙ্গেলতের এবং গি-ম্যানুয়েল ডি হোমেম-ক্রিস্তো। পুরস্কার নেওয়ার পর প্রতিক্রিয়াও জানাননি দুজন। তাতে হেলমেট খুলতে হয়! তাঁদের হয়ে ফেলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কৌতুক করে বলেন, ‘বেশ, আমার ধারণা এই দুই রোবট সবাইকে ধন্যবাদই জানাতে চায়।’ বিবিসি, এএফপি, আইএএনএস।