গ্র্যামিতে রবিশঙ্কর ও তাঁর মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি পুরস্কারের আসরে এ বছর মরণোত্তর আজীবন সম্মাননা জানানো হবে সদ্য প্রয়াত পণ্ডিত রবিশঙ্করকে। লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে গ্র্যামির আসর বসবে আগামী ১০ ফেব্রুয়ারি। পণ্ডিত রবিশঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘নোরা (জোনস) ও আমি ঠিক করেছি, বাবার পক্ষ থেকে আমরা সম্মাননা গ্রহণ করব।’ বাবার কল্যাণে এ বছর গ্র্যামির মঞ্চে উঠতে যাচ্ছেন এই দুই সংগীতশিল্পী। তবে এর আগে বেশ কয়েকবার ওই মঞ্চ আলোকিত করেছেন তাঁরা নিজগুণে। নোরা এরই মধ্যে জিতেছেন নয়টি গ্র্যামি। অন্যদিকে আনুশকা তিনবার পেয়েছেন মনোনয়ন। মজার বিষয়, এ বছর ইতিহাসে প্রথম বাবা ও মেয়ে একই বিভাগের জন্য মনোনয়ন পেয়েছেন। বাবা হলেন পণ্ডিত রবিশঙ্কর, মেয়ে আনুশকা। বেঁচে থাকতেই বিষয়টি জেনেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তারপর নাকি মেয়েকে শুভকামনাও জানিয়েছিলেন তিনি। মুম্বাই মিরর।