
সুইপ মানে বাংলায় ঝাড়ু দেওয়া। ‘সুইফট সুইপড’ মানে কিন্তু সুইফট ঝাড়ু দিয়েছেন তা বলা হচ্ছে না। ঝেড়ে-মুছে প্রায় সব গ্র্যামি মনোনয়ন নিজের করে নিয়েছেন টেইলর সুইফট, এই মানেই দাঁড়ায়। ৭ ডিসেম্বর গ্র্যামি মনোনয়ন প্রকাশ করার পর অনেক গণমাধ্যমেই দেখা যাচ্ছে এই শিরোনাম। সেরা অ্যালবাম, রেকর্ড, গান—সবগুলো বিভাগেই মোট সাতটি মনোনয়ন পেয়েছেন সুইফট।
টেইলরের আগে অবশ্য বলা উচিত ‘কেনড্রিক দ্য কিং’-এর কথা। হিপহপ শিল্পী কেনড্রিক লেমার ছাড়িয়ে গেছেন সবাইকে। মোট ১১টি মনোনয়ন পেয়েছেন তিনি। দুই বছর আগে অভিষেকেই তাক লাগিয়েছিলেন তিনি। ‘গুড কিড ম্যাঅ্যাড সিটি’ অ্যালবামটির জন্য মোট সাতটি মনোনয়ন পেয়েছিলেন। সেবার অবশ্য বাড়ি ফিরেছিলেন খালি হাতেই। এ বছর আশা করা যায় তা হবে না।
গ্র্যামির মূল চারটি বিভাগের খোঁজ জেনে নিন।
সেরা অ্যালবাম
এই বিভাগে মনোনয়ন পেয়েছে নাইনটিন এইটি নাইন (টেইলর সুইফট), টু পিম্প এ বাটারফ্লাই (কেনড্রিক লেমার), বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস (দ্য উইকএন্ড), ট্র্যাভেলার (ক্রিস স্টেপলটন) এবং সাউন্ড অ্যান্ড কালার (অ্যালাবামা শেক)।
সুইফট এই নিয়ে তৃতীয়বার মনোনয়ন পেলেন এই বিভাগে, লেমারের এটি দ্বিতীয়বার। বাকিরা এবারই প্রথম মনোনয়ন পেলেন।
সেরা রেকর্ড
প্রিয় বন্ধুর সঙ্গে এই বিভাগে লড়বেন টেইলর সুইফট। তাঁর বন্ধুদল অবশ্য এত বড়, নামটা আন্দাজ করা খুব সহজ নয়। তবে অ্যাওয়ার্ড নিয়ে টেইলর সুইফট আর এড শিরানের মধ্যে ভালোই প্রতিযোগিতা চলে। এড শিরান মনোনয়নে আছেন ‘থিংকিং আউট লাউড’ নিয়ে, ‘ব্ল্যাংক স্পেস’ নিয়ে টেইলর সুইফট। বাকি মনোনয়নগুলো হলো আপটাউন ফাংক (মার্ক রনসন ফিচারিং ব্রুনো মারস), ক্যান্ট ফিল মাই ফেইস (দ্য উইকেন্ড), রিয়েলি লাভ (ডি’অ্যানজেলো অ্যান্ড দ্য ভ্যানগার্ডস)।
সেরা গান
প্রশ্ন আসতেই পারে, সেরা গান আর সেরা রেকর্ড—এই দুটো বিভাগের পার্থক্য কী? সেরা গান অ্যাওয়ার্ডটি মূল গানটির রচয়িতার পাওনা। আর সেরা রেকর্ড অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় গানটির শিল্পী, প্রযোজক, রেকর্ডিং প্রকৌশলী ও গানটি প্রযোজনার সঙ্গে যুক্ত সবাইকে। দুটো অ্যাওয়ার্ডই একটি নির্দিষ্ট গানের জন্য দেওয়া হয়। তবে দুটোর গুরুত্ব আলাদা। আর মনোনয়নও আলাদাভাবেই হয়।
এ বিভাগে এবার মনোনয়ন পেয়েছে ‘থিংকিং আউট লাউড’, ‘ব্ল্যাংক স্পেস’, ‘গার্ল ক্রাশ’, ‘অলরাইট’ ও ‘সি ইউ অ্যাগেইন’। আগামী অস্কারেও সি ইউ অ্যাগেইন মনোনয়ন পাবে বলে ধারণা করা হচ্ছে। ফিউরিয়াস সেভেন ছবিতে ব্যবহার হয়েছে গানটি।
সেরা নতুন শিল্পী
মেগান ট্রেইনর, স্যাম হান্ট, কোর্টনি বার্নেট, জেমস বে, টোরি কেলি মনোনয়ন পেলেন এই বিভাগে। গত বছরও মনোনয়ন পেয়েছিলেন মেগান। ব্যাপারটা কী তাহলে? এবার পূর্ণদৈর্ঘ্যের অ্যালবাম বের করেছেন তিনি। গত বছর ছিল শুধু একটি গান।
ইয়াহু মিউজিক অবলম্বনে