গ্র্যামিতে সেরা ড্যাফট পাঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি পুরস্কার হাতে ড্যাফট পাঙ্কের দুই সদস্য
গ্র্যামি পুরস্কার হাতে ড্যাফট পাঙ্কের দুই সদস্য

সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির ৫৬তম আসরের পর্দা নেমেছে গতকাল রোববার। তারা ঝলমলে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। সেরা অ্যালবামসহ পাঁচ-পাঁচটি পুরস্কার ঝুলিতে ভরে এ বছর গ্র্যামিতে জয়জয়কার দেখিয়েছে ফরাসি গানের দল ড্যাফট পাঙ্ক।

গত বছরের মে মাসে ‘র্যান্ডম অ্যাকসেস মেমোরিস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ড্যাফট পাঙ্কের দুই সদস্য গি-ম্যানুয়েল ডি হোমেম-ক্রিস্তো ও তোমা বঙ্গেলতের। এবারের গ্র্যামি আসর থেকে সেরা অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছে ‘র্যান্ডম অ্যাকসেস মেমোরিস’। একই অ্যালবামের ‘গেট লাকি’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কারও পেয়েছে ড্যাফট পাঙ্ক। এ ছাড়া বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফর্মেন্স, বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম ও বেস্ট ইঞ্জিনিয়ারড অ্যালবাম নন-ক্লাসিক্যাল বিভাগেও পুরস্কৃত হয়েছে ড্যাফট পাঙ্ক। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্র্যামি পুরস্কার হাতে গায়িকা লর্ডে
গ্র্যামি পুরস্কার হাতে গায়িকা লর্ডে



সব মিলিয়ে ৮২টি বিভাগে গ্র্যামি পুরস্কার দিয়েছে ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস। সং অব দ্য ইয়ার বিভাগে গ্র্যামি পেয়েছে নিউজিল্যান্ডের গায়িকা লর্ডে’র ‘রয়্যালস’ গানটি। বেস্ট পপ সলো পারফর্মেন্স বিভাগেও পুরস্কৃত হয়েছেন মাত্র ১৭ বছর বয়সী এ গায়িকা। বেস্ট নিউ আর্টিস্ট নির্বাচিত হয়েছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী জুটি ম্যাকেলমোর ও রায়ান লুইস। বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছে মার্কিন গায়িকা কেসি মাসগ্রেভসের ‘সেম ট্রেইলার ডিফারেন্ট পার্ক’ অ্যালবামটি। বেস্ট রক অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছে ইংলিশ রক ব্যান্ড লেড জ্যাপলিনের ‘সেলিব্রেশন ডে’। 

গ্র্যামির ৫৬তম আসরে পল ম্যাকার্টনি ও রিংগো স্টার
গ্র্যামির ৫৬তম আসরে পল ম্যাকার্টনি ও রিংগো স্টার

এ ছাড়া বেস্ট মেটাল পারফর্মেন্স বিভাগে গ্র্যামি পেয়েছে ব্ল্যাক সাবাথের ‘গড ইজ ডেড?’ গানটি। বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম নির্বাচিত হয়েছে ভ্যাম্পায়ার উইকেন্ডের ‘মডার্ন ভ্যাম্পায়ার্স অব দ্য সিটি’। বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে পুরস্কার পেয়েছে লরা সুলিভানের ‘লাভ’স রিভার’। বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছে ফরাসি ব্যান্ড দল জিপসি কিংসের ‘সেভার ফ্ল্যামেঙ্কা’ এবং দক্ষিণ আফ্রিকার ব্যান্ড দল লেডিস্মিথ ব্ল্যাক মামবাজোর ‘লাইভ: সিঙ্গিং ফর পিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। বেস্ট মিউজিক ভিডিও বিভাগে গ্র্যামি ঘরে তুলেছে জাস্টিন টিম্বারলেকের ‘স্যুট অ্যান্ড টাই’। রিদম অ্যান্ড ব্লুজ ঘরানার ‘পুশার লাভ গার্ল’ গানের জন্য আরও দুটি বিভাগে গ্র্যামি জিতেছেন মার্কিন এ গায়ক ও গীতিকার। এ ছাড়া বেস্ট মিউজিক ফিল্ম নির্বাচিত হয়েছে পল ম্যাকার্টনির ‘লাইভ কিসেস’।

এ বছর গ্র্যামি আসর থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে ষাটের দশকের তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড দল বিটলসকে। আসরের অন্যতম চমক ছিল বিটলস ব্যান্ডের দুই সদস্য পল ম্যাকার্টনি ও রিংগো স্টারের মঞ্চ পরিবেশনা। চমত্কার সুরের সম্পূর্ণ নতুন একটি গান ‘কুইন আই’ গেয়ে শোনান তাঁরা। গানের পাশাপাশি রিংগো স্টারের ড্রাম আর ম্যাকার্টনির পিয়ানোর সুরের মাধুর্যে বিমোহিত হয়ে যান সবাই। ‘কুইন আই’ গানটি শুনে পুরোনো সেই বিটলসকেই যেন খুঁজে পান তাঁরা। আর সবার মতো বিটলস তারকা প্রয়াত জন লেননের স্ত্রী ইয়োকো ওনো এবং লেনন-তনয় শ্যন লেননকেও নাচতে দেখা যায়।

সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠানটিতে মঞ্চ পরিবেশনায় আরও অংশ নিয়েছেন মার্কিন গায়িকা বিয়ন্স নোলস ও তাঁর স্বামী র্যাপ সংগীতশিল্পী জে-জি। ‘ড্রাংক ইন লাভ’ গানটি গেয়ে শোনান তাঁরা। এ ছাড়া মঞ্চ মাতিয়েছে মার্কিন ব্যান্ড দল মেটালিকা, নাইন ইঞ্চ নেইলস ও কুইনস অব দ্য স্টোন এজ। আরও গান গেয়েছেন ম্যাডোনা, কেটি পেরি, টেইলর সুইফট, ডেভ গ্রোল, লিন্ডসে বাকিংহাম প্রমুখ।