গ্র্যামিতে স্যামের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাম স্মিথ
স্যাম স্মিথ

ব্যাপারটা কি অনেকটা এক ওভারে চার চারটা ছক্কা হাঁকানোর মতো? স্যাম স্মিথের কাছে নিশ্চয়ই এর চেয়েও বেশি কিছু। এক বছর আগেও শ্রোতাদের কাছে যাঁর নামটা অপরিচিত ছিল, এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে তাঁরই জয়জয়কার। মনোনয়ন পেয়েছিলেন ছয়টি বিভাগে। পুরস্কার নিতে স্যাম স্মিথকে মঞ্চে উঠতে হয়েছে চারবার। সেরা নবাগত সংগীতশিল্পী পুরস্কারের পাশে বছরের সেরা রেকর্ড, সেরা গান আর সেরা পপ গায়কের পুরস্কারও শোভা পাচ্ছে ২২ বছরের এই তরুণের ঘরে।
স্যাম স্মিথের তখন আট বছর বয়স। বাবা-মায়ের সঙ্গে গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছিলেন একদিন। পেছনের সিটে বসে আপন মনেই হুইটনি হিউস্টনের ‘ইয়োর লাভ ইজ মাই লাভ’ গাইছিলেন গুনগুন করে। ছোট্ট ছেলের কণ্ঠ শুনে বাবা ফ্রেড আর মা কেট স্মিথ সেদিনই চমকে উঠেছিলেন। ছেলেকে গান শেখানোর সিদ্ধান্ত নিতে দেরি করেননি। গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে পেয়ে স্যামও তাই প্রথমেই বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।
২০১২ সালে তাঁর প্রথম একক গান ‘ল্যাচ’ যুক্তরাষ্ট্রের টপ চার্টে ১১ নম্বরে জায়গা পেয়েছিল। তখনো কেউ ভাবেনি, দুই বছর পর স্যামের ‘স্টে উইথ মি’ গানটি টপ চার্টের এক নম্বরে উঠে আসবে। এই একটি গানই রাতারাতি পরিচিতি দিয়েছে তাঁকে। শ্রোতাদের পছন্দের শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন ‘লে মি ডাউন’ গানটির অ্যাকুস্টিক পরিবেশনা দিয়েও। এখন পর্যন্ত বাজারে আছে স্যামের একটিই অ্যালবাম, ইন দ্য লোনলি আওয়ার। চারটি গ্র্যামি আছে যাঁর ঝুলিতে, তাঁর পরের অ্যালবাম কবে আসছে? স্যাম জানান, ‘প্রথম অ্যালবামটা যদি ভালো না হতো, শ্রোতাদের মধ্যে সাড়া না পড়ত তাহলে হয়তো দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে দেরি করতাম না। প্রথম অ্যালবাম সফল হওয়ায় একটু বিপদে পড়ে গেছি! পরেরটা সময় নিয়েই করতে চাই।’ এ ছাড়া এখন ফিল্ম স্কুলেও সময় দিচ্ছেন চার গ্র্যামিজয়ী তারকা। নিজের গানের মিউজিক ভিডিওগুলো যেন নিজেই পরিচালনা করতে পারেন, তাই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
সাফল্যের রহস্যটা কী? এমন প্রশ্নে স্যামের উত্তর, ‘আমার মধ্যে কোনো লুকোছাপা নেই। দুই বছর আগেও কোনো পুরুষ সংগীতশিল্পীর গান আমার শোনা হয়নি। প্রথম দিকে নিজেকে নানাভাবে বদলানোর চেষ্টা করেছি। পরে ভেবেছি, আমি যা সেভাবেই শ্রোতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা উচিত। অনেকে পুরস্কারের জন্য মনোনীত হলে আগেই ভেবে রাখে, মঞ্চে উঠে কী বলবে। আমার সেসব ভাবনা ছিল না। যা মনে এসেছে বলেছি।’
ডেইলি মেইল ও গার্ডিয়ান অবলম্বনে