গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন রবিশঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৫তম গ্র্যামি পুরস্কারের আসর বসতে যাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। এবারের আসরে মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হবে প্রখ্যাত সেতারবাদক ও ভারতীয় সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করকে। ১২ ডিসেম্বর বুধবার গ্র্যামি আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। মৃত্যুর কারণে রবিশঙ্করকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে গ্র্যামি পুরস্কার কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, মৃত্যুর আগেই তাঁকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত সপ্তাহে বিষয়টি সবাইকে জানানো হয়েছে। এর আগে তিনবার গ্র্যামি পুরস্কারে ভূষিত হয়েছেন রবিশঙ্কর। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে বসে গত বছর ‘দ্য লিভিং রুম সেশনস পার্ট ওয়ান’ অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন করেছেন। ভারতীয় ধ্রুপদ সংগীতের মালগুঞ্জি, খামবাজ, কেদার ও রাগ সত্যজিত্ নিয়ে অ্যালবামের কাজে তাঁকে সঙ্গ দেন তবলাবাদক তন্ময় বোস। এবারের গ্র্যামি আসরে বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে ‘দ্য লিভিং রুম সেশনস পার্ট ওয়ান’ অ্যালবামটি নিয়ে মেয়ে আনুশকা শর্মার ‘ট্রাভেলার’ অ্যালবামের সঙ্গে সেরার লড়াইয়ে অবতীর্ণ হতে চেয়েছিলেন রবিশঙ্কর। কিন্তু তার আগেই ১১ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১৯২০ সালে ভারতের বেনারসে জন্মেছিলেন রবীন্দ্র শঙ্কর চৌধুরী; যিনি ‘রবিশঙ্কর’ নামেই বিশ্বে সুপরিচিত। শৈশবে ভাই উদয় শঙ্করের নাচের দলে কাজ করেছেন। ১৯৩৮ সালে নাচ ছেড়ে দিয়ে সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর কাছে সেতার শেখা শুরু করেন। ১৯৪৪ সালে সংগীতপরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওতে সংগীতপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সত্যজিত্ রায়ের ‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯) ছবির সংগীত পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হন রবিশঙ্কর।১৯৫৬ সাল থেকে বেশ কটি সফরের মাধ্যমে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভারতীয় শাস্ত্রীয় সংগীত জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই গুণী শিল্পী। ষাটের দশকে তিনি কয়েকটি দেশে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এসব কাজ করতে গিয়ে বিটলস ব্যান্ডের জর্জ হ্যারিসন ও প্রখ্যাত মার্কিন বেহালাবাদক ইহুদি মেনুহিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে তাঁরা একসঙ্গে কাজ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এই প্রখ্যাত সেতারবাদক ও সংগীতজ্ঞ। বিটলস ব্যান্ডের সংগীতশিল্পী জর্জ হ্যারিসন নিয়ে রবিশঙ্কর আয়োজন করেছিলেন সাড়া জাগানো ‘কনসার্ট ফর বাংলাদেশ’।জীবদ্দশায় বহু সম্মাননায় ভূষিত হয়েছেন রবিশঙ্কর। ১৯৯৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ দেওয়া হয় তাঁকে।