কয়েক সপ্তাহ ধরে বিলেতি বৃষ্টি চলছে। খরার সম্ভাবনা আছে, তাই বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ নেই—যেন বৃষ্টি নয়, সিরাপ পড়ছে। কিন্তু ৭ ও ৮ তারিখে বৃষ্টি হলে খবর আছে। মহা বিখ্যাত শেক্সপিরিয়ান গ্লোব থিয়েটারে ঢাকা থিয়েটারের নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ও রুবাইয়াৎ আহমেদ অনূদিত দ্য টেম্পেস্ট-এর মঞ্চায়ন হবে।মাত্র উদ্বোধন হলো অলিম্পিক ২০১২ স্টেডিয়ামের, আর সাংস্কৃতিক অলিম্পিয়াডের শুরু আরও আগে থেকে। তারই প্রতিসরণ এই উৎসব। এখানে আর ৩৬টি বিভিন্ন ভাষার নাটকের সঙ্গে আমাদের নাটক কেমন করবে জানি না। কিন্তু গ্লোবের ৪০০ বছরের ইতিহাসে আমরা এই প্রথম।গ্লোব থিয়েটার আসলেই গ্লোবের মতো গোল। অনেকে এটাকে রাউন্ড হাউসও বলে থাকেন। তিনদিক খোলা। একদিক থেকে জিবের মতো বেরিয়ে এসেছে উঁচু মঞ্চ। সেখানে প্রাচীন গ্রিসের স্থাপত্য-মার্কা ভয়াবহ মাপের পিলার। সেই হা হা করা খোলা মঞ্চের তিনদিকে তিনতলা পর্যন্ত দর্শক ব্যালকনি। কিন্তু আসল দর্শকেরা দেখেন একেবারে সামনে থেকে দাঁড়িয়ে। বৃষ্টি হলে উপায় আছে?বৃষ্টি বন্ধ হয়ে গেল হঠাৎ। টেইট আর মিলেনিয়াম ব্রিজ পার হতেই দেখি, চিকচিক করে চলেছে মানুষ। ভেতরে ঢুকে ঢোক গেলার মতো অবস্থা—কে নেই সেখানে! আমাদের কমিউনিটির অল দ্য মুর্ভাস অ্যান্ড শেইকার্স—স্বপরিবারে ব্রিটিশ ডান্স আইকন আকরম খান, বঙ্গবন্ধু-কন্যা শেখ রেহানা, তরুণী কাউন্সিলর টিউলিপ থেকে শুরু করে ছয় বছর ধরে গ্লোবের স্বনামখ্যাত শিল্পনির্দেশক ডমিনিক ড্রমগলে, এমনকি ফেস্টিভ্যাল নির্দেশক মালু আনসালদো পর্যন্ত! বাহ!মঞ্চে কিছু নেই, শুধু তিন খণ্ড বিশাল বিশাল পশ্চাৎপটে লটকে আছে সমুদ্রজাহাজ। সব সুনসান, এমন সময় দুজন বাদকসহ ১৩ জনের দল এসে ঢুকল। সবার হাতে রিকশা পেইন্টের যাত্রাদলের মেকআপ বক্সের মতো বাক্স। গায়ে তাদের পাকা পিচ বর্ণ পোশাক, পরনে ফুলকো পরিধেয়। বহু বর্ণ ওই বাক্সগুলো খোলা মাত্র মঞ্চে শুরু হলো এক আশ্চর্য ম্যাজিক। ঢোল, করতাল, খঞ্জনা আর গ্রামীণ যন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে-লাফিয়ে-গড়িয়ে-উড়িয়ে ওই ১৩ জন মাল্টি স্কিল্ড অভিনেতা-অভিনেত্রী যেন তাঁদের জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আর আমরা ফুল হাউস বহুজাতিক দর্শকেরা সেই স্বপ্ননদীতে পড়ে একবার উচ্চকিত, আবার নিমজ্জিত, আবার উদ্ভাসিত এবং আবার হরষিত হতে হতে রাজ্যচ্যুত হতভাগ্য রাজা প্রসপেরোর সঙ্গী হয়ে গেলাম। ঘর আর আঙ্গিনা একাকার হয়ে গেল। একসময় তাঁরা থামলেন, কিন্তু এবার দর্শকেরাই দাঁড়িয়ে গেল। করতালি আর সম্মিলিত আনন্দধ্বনিতে তাঁদের বারবার ফিরিয়ে আনলেন।আকরম খান বললেন, আমি অভিভূত। ডমিনিক, যিনি কিনা নির্দেশনা ছাড়াও লিখেছেন ‘হাউ শেক্সপিয়ার টুক ওভার মাই লাইফ, তিনি বললেন, নানান ভাষায় এ যাবৎ হয়ে যাওয়া ২১টি নাটকের মধ্যে আমাদেরটাই শ্রেষ্ঠ!’মালুতো মন্তব্য চাইলে লম্বা একটা বক্তৃতাই দিয়ে দিলেন, আমরা মাত্র এক মাস তাঁদের সঙ্গে কাজ করেছি, তাতেই ওই বিশাল ওপেন স্পেস যেভাবে তাঁরা ব্যবহার করলেন, মনেই হলো না তাঁরা অনভ্যস্ত। এত সুন্দরভাবে দর্শকদের সারাটা সময় সংশ্লিষ্ট করে গাইয়ে-হাসিয়ে রাখলেন যে আমাদের মন ভরে গেল। আর নাসিরউদ্দীন ইউসুফ? কী বললেন তিনি? আমার দীর্ঘদিনের বন্ধু নাসিরউদ্দীন ইউসুফ মানে বাচ্চুর চোখ সজল হয়ে এল। ‘এ আমাদের শত ভাগ প্রচেষ্টার পাওনা। সেলিম আল দীনের সঙ্গে জুটি হওয়ার বিরল ভাগ্যের এক অবিস্মরণীয় ফল।গর্বিত মনে যখন টেমেসর তীরে এসে দাঁড়ালাম, আমার মনটা নাট্যাচার্য সেলিম আল দীন, বন্ধু সেলিমের জন্য মনটা হু হু করে উঠল। সত্যি, মানুষ চলে গেলে তার পালক ফেলে যায় আর জ্ঞাতি চিহ্ন দেখে দেখে পরশ বুলায়।[email protected]