গ্লোব থিয়েটারের পর ঢাকায় ‘দ্য টেম্পেস্ট’
লন্ডনের গ্লোব থিয়েটারে গত ৭ ও ৮ মে মঞ্চস্থ হলো ঢাকা থিয়েটারের নাটক দ্য টেম্পেস্ট। গ্লোব থিয়েটারের পর নাটকটি আজ সন্ধ্যায় সেলিম আল দীন উৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ জানান, ১৮ আগস্ট ছিল সেলিম আল দীনের জন্মদিন। রমজান মাসের কারণে তেমন কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি সেদিন। তবে আজ শুরু হচ্ছে ‘সেলিম আল দীন উৎসব’। সাত দিনের এই উৎসবের আয়োজন করেছে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সহযোগিতা করছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে উৎসব উদ্বোধন করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এরপর মঞ্চস্থ হবে দ্য টেম্পেস্ট। পরীক্ষণ থিয়েটার হলে একই সময় মঞ্চস্থ হবে দৃষ্টিপাত নাট্যদলের নাটক রাজা হিমাদ্রি। শেকসিপয়ারের সাহিত্য থেকে ৩৭টি ভাষায় তৈরি হয় ৩৭টি নাটক। নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন ৩৭ জন নির্দেশক। অলিম্পিক গেমসের আগে ২১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত এই ৩৭টি নাটক নিয়ে গ্লোব থিয়েটার উৎসবের আয়োজন করে। বাংলা ভাষায় দ্য টেম্পেস্ট নাটকের নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। নাটকটি অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ।