গ্ল্যামারে ভরা দিনপঞ্জিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওলি দামকে ক্যামেরার মনিটরে ছবি দেখাচ্ছেন ডাবু রাতনানি
পাওলি দামকে ক্যামেরার মনিটরে ছবি দেখাচ্ছেন ডাবু রাতনানি

ডাবু রাতনানি বলিউডের প্রথম সারির সেলিব্রিটি আলোকচিত্রী। আমিতাভ বচ্চন থেকে বরুন ধাওয়ান, মাধুরী থেকে আলিয়া ভাট—বলিউড তারকা সে যে বয়সেরই হোক না কেন, ডাবুর ক্যামেরায় ক্লিক না হওয়া পর্যন্ত কেউই যেন ঠিক তারকা হয়ে উঠতে পারে না। শাহরুখ খান, আমির খান কিংবা অক্ষয় কুমার—বলিউডে কোনো ফটোশুট হবে? তাঁরা সবার আগে একটা প্রশ্নই করেন, ছবি তুলবে কে? জবাবটা যদি হয় ডাবু রাতনানি, তাহলে আর কেউই তাতে আপত্তি করে না। ফিল্মফেয়ার থেকে শুরু করে ভোগ সাময়িকীর ভারতীয় সংস্করণ—তারকাবহুল প্রচ্ছদ মানেই ডাবু রাতনানির ছবি। বলিউডে এতটাই জনপ্রিয় এই আলোকচিত্রী। তিনিই ১৫ বছর ধরে বলিউডে চালু করেছেন অন্য ধারা, তা হলো ‘ক্যালেন্ডার শুট’! প্রতিবছর বলিউড তারকাদের ছবি নিয়ে তিনি প্রকাশ করেন একটি ক্যালেন্ডার। যার কোনো পাতায় উঠে আসেন সালমান খান, তো কোনো পাতায় ঐশ্বরিয়া রাই—ডাবুর ক্যামেরা যেন সবার সব দ্বন্দ্ব-সংঘাত মিটিয়ে বলিউডকে নিয়ে আসে এক কাতারে।
ভাবতেই পারেন, হঠাৎ এত ‘ডাবু-বন্দনা’ কেন? কারণ টালিউড তো এখন ওই ডাবু জ্বরেই ভুগছে। বাংলা বছরে এখন জ্যৈষ্ঠ বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর বছরের এই সময়ে এসে টালিউডে প্রকাশিত হলো তারকাবহুল ‘বং ক্যালেন্ডার’। ক্যালেন্ডারের ছবিগুলো সবই বলিউডের ডাবুর তোলা। বলিউডের আদলেই তৈরি হয়েছে টালিউডের এই ক্যালেন্ডার।
টালিউড খুব চেষ্টা করছে ব্যর্থতা আর মন্দা কাটিয়ে একটা লাভজনক পথে ছুটতে। কিন্তু বলিউড তো দূরে থাক তাদের আঞ্চলিক ব্যবসা পাঞ্জাব কিংবা তামিল ছবির মতো করেও তেমন লক্ষ্মীর মুখ দেখছে না। শীর্ষেন্দু, শরদিন্দু কিংবা সত্যজিতের সাহিত্যকে পুঁজি করে থ্রিলার দিয়ে টালিউড নিজেদের মুখরক্ষা করলেও একেবারে মূল ঘরানার বাণিজ্যিক ছবির অবস্থা করুণ। বাণিজ্যিক ছবিগুলোতে দেবের ‘হিরোগিরি’ কিংবা কোয়েলের ‘চোখের জল’ ষোলোআনা থাকলেও তা কেন জানি বাঙালিদের মন ছুঁই ছুঁই করেও ছুঁতে পারছে না। কালেভাদ্রে ওই সৃজিত, সন্দীপ, অঞ্জন দত্ত কিংবা অরিন্দম শীল আর কতই টানবেন বাংলা ছবির দর্শকদের। থ্রিলারের ঘোর তো একটা না একটা সময় কাটবেই। তাই এখন টালিউডে লগ্নিকারীদের জোর চেষ্টা, থ্রিলারের ঘোর কাটার আগেই আবার দর্শকদের বাণিজ্যিক ছবি দেখার রুচি ফিরিয়ে আনার। এ জন্যই তাঁরা এখন বলিউডের গ্ল্যামারকে পুঁজি করে আনছে টালিউডে। টালিউডে হালের ‘বং ক্যালেন্ডার’ তৈরি দেখে আমদর্শক তো আপাতত তা-ই আঁচ করতে পারছে।
টালিউড তারকারা এই ক্যালেন্ডারকে আলোকিত করতে কোনো চেষ্টার কমতি রাখেননি। ঋতুপর্ণা, চিরঞ্জিত, আবির, পরমব্রত, নুসরাত, পায়েল, যিশু, সোহম কিংবা পাওলি—সবাই যাঁর যাঁর সেরাটা দিয়েছেন। মোট ১৪ টালিউড তারকা ঠাই পেয়েছেন ডাবু রাতনানির ক্যালেন্ডারে। তবে কিছু কিছু চেনা মুখের অনুপস্থিতি টালিউডে অনেক প্রশ্নও আবার তুলেছে। এই যেমন টালিউড কিংবদন্তি প্রসেনজিৎ কিংবা এখনো বাণিজ্যিক ছবির হাল ধরে রাখা দেব-কোয়েল জুটির ডাবুর ক্যালেন্ডারে না থাকা অনেক ভক্তের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের সান্ত্বনার জন্য এটুকু বলা যেতেই পারে যে ‘এক মাঘে শীত যায় না’। এই মাঘে না হোক, হয়তো ক্যালেন্ডারের পাতায় এর পরের মাঘে ঠিকই মিলবে পছন্দের টালিউড তারকাকে। বাংলায় মাস তো মাত্র ১২টা, আর টালিউডে তো তারকার অভাব নেই, তাই সবুর করা ছাড়া ভক্তদের আর কীই-বা করার আছে!
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

বনি সেনগুপ্ত
বনি সেনগুপ্ত
তনুশ্রী
তনুশ্রী